রাজবাড়ীতে ৩০ লাখ টাকার ৩০০ গ্রাম হেরোইনসহ আবু হানিফ বিশ্বাস (৪২) নামে এক মাদককারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (২৬ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজবাড়ী সদর উপজেলার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের চন্দনী ইউনিয়ন পরিষদের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

আবু হানিফ বিশ্বাস কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার বিলঘাতুয়া গ্রামের মরহুম ওয়াজেদ আলী বিশ্বাসের ছেলে বলে জানা গেছে।

জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি টিম ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় আবু হানিফকে আটক করে তার কাছ থেকে ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩০ লাখ টাকা। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। এ ঘটনায় তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।