নড়াইলে পারিবারিক কলহের জেরে ঘুমন্ত স্ত্রী খাজিদা আক্তার চাঁদনীকে (২০) কুপিয়ে হত্যা অভিযোগে স্বামী সাকিব শেখকে (২৫) আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (৫ মে) রাত সাড়ে ১২টার দিকে সদরের বাহিরগ্রামে এ হত্যাকণ্ডের ঘটনা ঘটে।
নিহত চাঁদনী খুলনার ফুলতলা উপজেলার আলকা গ্রামের কালাম শেখের মেয়ে। আর সাকিব একই উপজেলার দামোদর মধ্যপাড়ার জাহিদ শেখের ছেলে। প্রায় পাঁচ বছর আগে তাদের বিয়ে হয়।
অভিযোগ রয়েছে, পারিবারিক কলহের জেরে মাদাকাসক্ত স্বামী সাকিব স্ত্রী চাঁদনীকে বটি দিয়ে বুকে কুপিয়ে হত্যা করেছে। এ ঘটনায় সাকিবকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, সাকিবকে নিয়ে সোমবার খুলনার দামোদর থেকে নড়াইল সদরের বাহিরগ্রাম এলাকায় খালা বাড়ি বেড়াতে যান চাঁদনী। সাকিব মাদকাসক্ত ও কর্মবিমুখ হওয়ায় স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই কলহ হত। এর জেরে মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে ঘুমন্ত অবস্থায় স্ত্রী চাঁদনীকে বটি দিয়ে কুপিয়ে হত্যা করে সাকিব। পরে তাকে উদ্ধার করে স্বজনেরা নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চাঁদনীকে মৃত ঘোষণা করেন।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু বলেন, ‘প্রাথমিকভাবে ঘটনাটি দুর্ঘটনা বলে চালিয়ে দেয়ার চেষ্টা করছিল অভিযুক্ত সাকিব। তার দাবি, বটি ওপর পড়ে গিয়ে স্ত্রী চাঁদনীর মৃত্যু হয়েছে। কিন্তু ঘটনাস্থলের আলামত এবং সাকিবের এলোমেলো কথাবার্তায় তাকে জিজ্ঞাসাবাদ করলে স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেন সাকিব।’
এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার কামরুজ্জামান জানান, মঙ্গলবার রাতে হত্যাকণ্ডের খবর পেয়ে পুলিশ হাসপাতাল ও ঘটনাস্থল বাহিরগ্রামে যায়। হত্যায় ব্যবহৃত বটিসহ অন্য আলামত জব্দ করা হয়েছে। হত্যায় জড়িত থাকার অভিযোগে স্বামী সাকিবকে আটক করা হয়েছে।









