রংপুর ব্যুরো

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাচেষ্টা মামলায় রংপুর মহানগর ও জেলা থেকে কার্যক্রম ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও যুবলীগের ৬ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার রাত থেকে বুধবার ( ১২ নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে একাধিক হত্যা, হত্যাচেষ্টা ও নাশকতা মামলা রয়েছে।

রংপুর মহানগর পুলিশ কমিশনার মোঃ মজিদ আলী জানান, মঙ্গলবার দিবাগত রাত দেড়টায় নগরীর দেওডোবা এলাকা থেকে মহানগর আওয়ামী লীগের ১৪ নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলামকে গ্রেফতার করেছে কোতায়ালি থানা পুলিশ। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ মোঃ শহিদুল ইসলাম সাগর হত্যাচেষ্টার এজাহার নামীয় আসামি। এছাড়া কোতয়ালি থানা ‍পুলিশ ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি শফিকুল ইসলাম মোকাররম ও কল্যানী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দিনকে গ্রেফতার করে। অন্যদিকে নগরীর দর্শনা এলাকা ১৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রায়হান আলীকে গ্রেফতার করে তাজহাট থানা পুলিশ। তাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারীদের একাধিক হত্যাচেষ্টা মামলা রয়েছে।

অন্যদিকে রংপুর ‍পুলিশ সুপার আবু সাইম জানান, মিঠাপুকুর থানা অভিযান চালিয়ে ৬ নং কাফ্রিখাল ইউনিয়ন যুবলীগের সভাপতি ও উপজেলা সাংগঠনিক সম্পাদক ফুয়াদ মন্ডলকে গ্রেফতার করেছে। এর আগে উপজেলার শাহ আমানত ফিলিং স্টেশন এলাকায় স্থানীয়রা তাকে হাতেনাতে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে দেয়। তার বিরুদ্ধে শিবির নেতা হত্যা মামলাসহ একাধিক হত্যা ও হত্যাচেষ্টা মামলা আছে।

পুলিশ সুপার আরো জানান, বদরগঞ্জ থানা পুলিশ গ্রেফতার করেছে দামোদারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আজিজুল হককে। তার বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা রয়েছে।