চট্টগ্রামর মিরসরাইয়ে জমি-সংক্রান্ত বিরোধে ভাগিনার ছুরিকাঘাতে নিহত হয়েছেন মামা হারুন অর রশিদ (৪৫)।
বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে উপজেলার তালবাড়িয়া এলাকার একটি ছরা থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকুটি উদ্ধার করেছে পুলিশ।
নিহত হারুনের স্ত্রী তাসলিমা আক্তার মিরসরাই থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় হারুনের ভাগিনা শাহিন আলমকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়া তার মা শাহানা আক্তার ও স্ত্রী পারুলকেও আসামি করা হয়েছে মামলায়।
এর আগে, গত বুধবার বিকেলে জমি-সংক্রান্ত বিরোধের মিমাংসার বৈঠকে ভাগিনার ছুরিকাঘাতে মামা হারুন খুন হয়। মিরসরাই সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মধ্যম তালবাড়িয়া এলাকার নাদু সওদাগর বাড়িতে এই ঘটনা ঘটে।
নিহত হারুন ওই বাড়ির সেকান্তর মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শী ও হারুনের জেঠাত ভাই মো: আনোয়ার হোসেন বলেন, ‘বুধবার বাড়ির জমি-সংক্রান্ত আলোচনার জন্য আমাকেসহ আরো কয়েকজনকে হারুন ও তার বোন শাহানা তাদের বাড়িতে যেতে বলেন। পরবর্তীতে আমিসহ গ্রামের আরো কয়েকজন বিকেলে তাদের বাড়িতে যাই। হারুনের ঘরের পানি তার বোনের ঘরের উপর পড়ে, এ বিষয়ে তার বোন অভিযোগ করেন। আমরা হারুনকে টিনের পানি তার বোনের ঘরে না পড়ার জন্য পাইপ দিতে বললে সে রাজি হয়। বৈঠকের একপর্যায়ে হারুন তার ভাগিনা শাহিন আলমকে একটি ছড় মারেন। এরপর শাহিন ও তার মা দৌড়ে গিয়ে ঘরের ভেতর চলে যায়। পুনরায় শাহিন আলম ঘর থেকে বের হয়ে এসে তার মামার বুকে ছুরি চালান। শাহীন ধারাল ছুরি দিয়ে তার মামা হারুনের শরীরে একাধিক জখম করে। আমি দৌড়ে গিয়ে হারুনকে জড়িয়ে ধরি। উপস্থিত লোকজন নিয়ে হারুনকে আহতবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
আনোয়ার হোসেন আরো বলেন, ‘সেকান্তার মিয়ার তিন ছেলে ও এক মেয়ে। বিয়ের পর থেকে তার মেয়ে আলাদা ঘর করে বাবার বাড়িতে থাকেন। মো: হারুন দুই মাস আগে দুবাই থেকে দেশে আসেন। আগামী ২০ জুলাই তার পুনরায় বিদেশ যাওয়ার কথা ছিল।’
মিরসরাই থানার উপ-পরিদর্শক তোফাজ্জল হোসেন বলেন, ‘জমি-সংক্রান্ত ঝামেলায় মো: হারুনকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে জেনেছি। সুরতহালে তার শরীরে বুকের বাম পাশে এবং হাতে ধারাল ছুরির জখম পাওয়া গেছে। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় হারুনের স্ত্রী তিনজনকে আসামিকে একটি মামলা দায়ের করেছেন।’
বৃহস্পতিবার দুপুরে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি চাকু তালবাড়িয়া এলাকার একটি ছরা থেকে উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।








