গাজীপুরের কাপাসিয়ায় ছুরিকাঘাতে আরিফ হোসেন (৩২) নামে এক দফতরিকে হত্যা করা হয়েছে বলে জানা গেছে।
রোববার (২০ জুলাই) দুপুর সাড়ে ১২ টার দিকে বারিষাব ইউনিয়নের কীর্তুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আরিফ হোসেন উপজেলার কীর্তুনিয়া ইউসুফ আলী ভুঁইয়া উচ্চ বিদ্যালয়ে দফতরি হিসেবে চাকরি করতেন। তিনি কীর্তুনিয়া গ্রামের মালেক মিয়ার ছেলে।
কীর্তুনিয়া ইউসুফ আলী ভুঁইয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম জানান, স্কুল চলার সময় আরিফ হোসেন স্কুলের বাইরে যান। কিছুক্ষণ পর সংবাদ পাই তাকে ছুরিকাঘাত করা হয়েছে। পরে ঘটনাস্থলে গিয়ে দেখি সে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। তাকে উদ্ধার করে দ্রুত কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
বারিষাব ইউনিয়নের স্থানীয় (২ নম্বর ওয়ার্ড) ইউপি সদস্য সুলতান উদ্দিন প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বলেন, আরিফ হোসেন স্কুলের পাশের একটি দোকানে বসে ছিলেন। এ সময় এক দুর্বৃত্ত হঠাৎ করে এসে পেছন থেকে তাকে ছুরিকাঘাত করে। পরে স্থানীয় লোকজন হামলাকারীকে ধরে পুলিশে সোপর্দ করে।
কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক আল-আমিন হোসেন জানান, আরিফ হোসেনকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে।
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মন্ডল বলেন, ‘পূর্ব বিরোধের জেরে তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। স্থানীয়রা অভিযুক্তকে আটক করে পুলিশে দিয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কেন এবং কি নিয়ে বিরোধে তাকে ছুরিকাঘাত করেছে সে।’









