রাজধানীতে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে ৪০১ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ সময় ২৬টি মামলা দায়ের করা হয়েছে।

বুধবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো: আকতার হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ এসব ব্যক্তিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারদের মধ্যে রমনা বিভাগে ২৪ জন, লালবাগ বিভাগে ৩৪ জন, ওয়ারী বিভাগে ৫১ জন, মতিঝিল বিভাগে ৬৮ জন, তেজগাঁও বিভাগে ৭৪ জন, মিরপুর বিভাগে ৭১ জন, গুলশান বিভাগে ৩৬ জন, উত্তরা বিভাগে ৪২ জন এবং গোয়েন্দা বিভাগে একজন রয়েছেন।

অভিযানকালে একটি তলোয়ার, একটি চাপাতি, লোহার রডের মাথায় সংযুক্ত ধারালো গোলাকৃতির একটি চাকতি, একটি লোহার রড, ৯৫ পিস ইয়াবা, ৭০ গ্রাম হেরোইন, ৬৬৮ গ্রাম গাঁজা ও একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়।

ডিএমপির এই কর্মকর্তা আরো জানান, গ্রেফতারদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।