হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিন যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে ৬৩১ কার্টন বিদেশী সিগারেট, একটি মোবাইল ফোন ও তিনটি ল্যাপটপ জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর (সিআইআইডি)।

মঙ্গলবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এনবিআর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৫ অক্টোবর) শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান পরিচালনা করা হয়। মহাপরিচালকের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেল, এয়ারপোর্ট (সি-শিফট)-এর কর্মকর্তারা বিমানবন্দরে সতর্ক অবস্থান নেন। পরে শারজাহ থেকে ঢাকাগামী জি৯-৫৭১ ফ্লাইটে আসা যাত্রীদের ব্যাগেজ স্ক্যান ও তল্লাশি করা হয়।

তল্লাশির সময় মোহাম্মদ শাহিনের ব্যাগেজ থেকে ৩২০ কার্টন সিগারেট, একটি মোবাইল ফোন ও একটি ল্যাপটপ উদ্ধার করা হয়। কে এম ফজল হকের ব্যাগেজ থেকে উদ্ধার করা হয় ১২৫ কার্টন সিগারেট ও একটি ল্যাপটপ। অন্যদিকে বেলায়েত ভূঁইয়া হোসেনের ব্যাগেজ থেকে ১৮৬ কার্টন সিগারেট ও একটি ল্যাপটপ উদ্ধার করা হয়।

কাস্টমস গোয়েন্দা জানায়, তিন যাত্রীর কাছ থেকে উদ্ধার করা এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৩২ লাখ ৪০ হাজার টাকা।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর জানায়, গোপন তথ্য, যাত্রী প্রোফাইলিং ও নিবিড় নজরদারির মাধ্যমে বিমানবন্দরে চোরাচালান এবং ব্যাগেজ সুবিধার অপব্যবহার প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত রয়েছে।