রাজধানীর খিলগাঁও গোড়ান এলাকায় চকলেট খাওয়ানোর লোভ দেখিয়ে একে একে চার শিশুকে ধর্ষণ করেছে এক রিকশাচালক। ধর্ষণের অভিযোগে খিলগাঁও থানায় মামলা দায়ের করেছে ভুক্তভোগী শিশুদের পরিবার। মামলা পর অভিযুক্ত রিকশাচালক সজল মোল্লাকে (৫৫) গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল বুধবার রাতে ওই চার শিশুর শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করে পুলিশ।

খিলগাঁও থানার ওসি মো: ফারুকুল আলম জানান, খিলগাঁও উত্তর গোড়ান এলাকায় টিনশেড বাড়িতে থাকে ওই চার শিশুদের পরিবার। তাদের পাশেই ভাড়া থাকতেন রিকশাচালক সজল। সজলের স্ত্রী যখন বাসা-বাড়িতে কাজে যেতেন তখন বাসা ফাঁকা পেয়ে চকলেট খাওয়ানোর লোভ দেখিয়ে শিশুদের তার রুমে নিয়ে যেতেন। এসময় তাদেরকে বিভিন্নভাবে যৌন নির্যাতন চালাতেন তিনি। বেশ কয়েক দিন ধরে তাদের সাথে এ অপকর্ম চালিয়ে আসছিলেন সজল।

গতকাল বুধবার বিকেলে শিশুদের পরিবার থানায় এসে অভিযোগ করলে অভিযুক্ত সজলকে গ্রেফতার করা হয়।

তিনি আরো বলেন, বৃহস্পতিবার সজলকে আদালতে পাঠিয়ে রিমান্ড আবেদন করা হবে।