তানজানিয়ার আরুসায় অনুষ্ঠেয় ১৫৩তম ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) সম্মেলনে যোগ দিতে ঢাকা ছেড়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি। পাঁচ দিনব্যাপী এ সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের সংসদ সদস্যদের সাথে বাংলাদেশের সংসদীয় গণতন্ত্র, সুশাসন, অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন ও জনগণের ক্ষমতায়নসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে।

রোববার (৪ অক্টোবর) দুপুর ২টা ৩০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তানজানিয়ার উদ্দেশে যাত্রা করেন তিনি। 

স্পিকার আগামী ৫ থেকে ৯ অক্টোবর তানজানিয়ার আরুসায় অনুষ্ঠিতব্য আইপিইউর বিভিন্ন অধিবেশন ও সেশনে অংশ নেবেন।

তার সফরসঙ্গী হিসেবে রয়েছেন জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপু, এমপি সরওয়ার জামাল নিজাম, এমপি এ ই সুলতান মাহমুদ বাবু, এমপি মো: শামছুর রহমান শিমুল বিশ্বাস, এমপি এস কে আজিজুল বারী, এমপি হুমাম কাদের চৌধুরী, এমপি মীর আহমাদ বিন কাসেম, এমপি সানসিলা জেবরিন, এমপি এবং রোকেয়া বেগম এমপি।

এবারের আইপিইউ সম্মেলনের প্রতিপাদ্য হচ্ছে—‘অন্তর্ভুক্তি, আস্থা এবং সবার জন্য সুযোগ সৃষ্টির মাধ্যমে সুশাসন উন্নয়ন এবং সম্প্রদায়ের ক্ষমতায়ন’। প্রতিপাদ্যকে সামনে রেখে সম্মেলনের বিভিন্ন সেশনে গণতন্ত্র ও সংসদীয় প্রতিষ্ঠানকে শক্তিশালী করা, অন্তর্ভুক্তিমূলক শাসনব্যবস্থা, জনগণের আস্থা বৃদ্ধি এবং সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ক্ষমতায়নের বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

সম্মেলনের শেষ দিন আগামী ৯ অক্টোবর আইপিইউর গভর্নিং কাউন্সিল নতুন আইপিইউ সভাপতি নির্বাচন করবে। এতে বিশ্বের বিভিন্ন দেশের সংসদীয় প্রতিনিধিরা অংশ নেবেন।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সম্মেলনের বিভিন্ন আনুষ্ঠানিক অধিবেশনে অংশ নেয়ার পাশাপাশি অন্যান্য দেশের সংসদীয় প্রতিনিধিদের সাথে মতবিনিময় করবেন। এ সফরের মাধ্যমে বাংলাদেশের সংসদ ও আন্তর্জাতিক সংসদীয় অঙ্গনের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা আরো জোরদার হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

আইপিইউ সম্মেলন শেষে আগামী ১১ অক্টোবর স্পিকার দেশে ফিরে আসবেন।