চীনের শীর্ষস্থানীয় কার্গো বিমান সেবাদানকারী প্রতিষ্ঠান এসএফ এয়ারলাইন্স চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চল সিচুয়ান প্রদেশের রাজধানী চেংদু শহরের সাথে ঢাকার একটি আন্তর্জাতিক কার্গো ফ্লাইট চালু করেছে। বিমান সংস্থাটি ঢাকা-চেংদু রুটে সপ্তাহে প্রতি রোববার একটি বি৭৫৭-২০০ এয়ার কার্গো ফ্লাইট পরিচালনা করবে।

গত সোমবার শুয়াংলিউ এয়ারপোর্ট থেকে চেংদু-ঢাকা রুটে প্রথম কার্গো ফ্লাইট পরিচালনা করে এয়ারলাইন্সটি। এর আগে ১৪ মার্চ চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাহবুবুজ্জামান উদ্বোধনী ফ্লাইটের সার্বিক কার্যক্রম দেখতে চেংদু শুয়াংলিউ আন্তর্জাতিক এয়ারপোর্ট যান, কর্মকর্তাদের সাথে বৈঠকে মিলিত হন।

এসময় এসএফ বাংলাদেশের কর্ণধার ডেভিট টিং, এসএফ এক্সপ্রেস চীনের কর্মকর্তা, চেংদু পৌর সরকার, শুয়াংলিউ জেলা সরকার, এবং বিমানবন্দরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসএফ বিমান সংস্থা জানিয়েছে, ঢাকা-চেংদু রুটের কার্গো সেবা উদ্বোধনের ফলে এসএফ এয়ারলাইন্সের বৈশ্বিক নেটওয়ার্কের সম্প্রসারণ এবং বিশ্বব্যাপী বিমান পরিবহনের পরিষেবা সক্ষমতা জোরদার করার ক্ষেত্রে এক নতুন পদক্ষেপ হিসাবে চিহ্নিত হয়েছে।

এই কার্গো সার্ভিসের ফলে চীনের সাথে বাংলাদেশের গার্মেন্টস পণ্য, টেক্সটাইল কাঁচামাল, রোল কাপড়ের পাশাপাশি শিল্প যন্ত্রপাতি ও সরঞ্জামের জন্য আমদানি ও রফতানি সরবরাহের চাহিদা পূরণ করবে।