মালয়েশিয়ায় বাংলাদেশের সাবেক হাইকমিশনার এম খায়রুজ্জামানকে গ্রেফতার করেছে দেশটির অভিবাসন পুলিশ।

এক দশকেরও বেশি সময় ধরে মালয়েশিয়ায় শরণার্থী হিসেবে বসবাস করছিলেন বাংলাদেশের সাবেক এই হাইকমিশনার।

খায়রুজ্জামানকে স্থানীয় সময় বুধবার সকালে কুয়ালালামপুরের আমপাং এলাকায় তার বাসা থেকে গ্রেফতার করা হয়।

আটকের পর, খায়রুজ্জামানের আইনজীবী তার অবিলম্বে মুক্তির দাবিতে মালয়েশিয়া কর্তৃপক্ষকে একটি আইনি নোটিশ পাঠিয়েছেন বলে একটি সূত্রে জানা গেছে।

কোনো বৈধ কারণ ছাড়াই খায়রুজ্জামানকে আটক করা হয়েছে এবং ২৪ ঘণ্টার মধ্যে মুক্তি না দিলে আইনজীবী আদালতে হেবিয়াস কর্পাস দায়ের করবেন বলে জানা গেছে।

হেবিয়াস কর্পাস একজন বন্দীকে আদালতের সামনে আনার জন্য ব্যবহৃত হয়। আদালতে আনা হয় এটা জানার জন্য যে, আটক আইনানুগ হয়েছে কি না।

মোহাম্মদ খায়রুজ্জামান একজন অবসরপ্রাপ্ত সেনা মেজর। ১৯৭৫ সালের জেল হত্যা মামলায় অভিযুক্ত ছিলেন এবং পরে খালাস পেয়ে ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় মালয়েশিয়ায় হাইকমিশনার নিযুক্ত হন।

আওয়ামী লীগ সরকারের সময় ২০০৯ সালে তাকে ঢাকায় ডেকে পাঠানো হয়। কিন্তু এ ফেরা নিজের জন্য ঝুঁকি বিবেচনা করে তিনি জাতিসঙ্ঘের শরণার্থী কার্ড গ্রহণ করে কুয়ালালামপুরে অবস্থান করতে থাকেন।