পারস্পরিক স্বার্থ ও দ্বিপক্ষীয় লাভের ভিত্তিতে বাংলাদেশ সরকার ও জনগণের সাথে ইতিবাচক, গঠনমূলক এবং দূরদর্শী পন্থায় একত্রে কাজ করার বিষয়ে ভারতের প্রত্যয় পুনর্ব্যক্ত করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা।
সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের কার্যালয়ে তার সাথে এক সৌজন্য সাক্ষাৎকালে ভারতীয় হাইকমিশনার এই আগ্রহের কথা জানিয়েছেন।
বৈঠক শেষে ভারতীয় হাইকমিশন জানায়, দুই দেশের জাতীয় উন্নয়নের অগ্রাধিকারের সাথে সামঞ্জস্য রেখে বিভিন্ন ক্ষেত্রে জনকেন্দ্রিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করে দ্বিপক্ষীয় সংশ্লিষ্টতা নিয়ে আলোচনা হয়েছে।
আলোচনায় জনস্বাস্থ্য, আর্থিক অন্তর্ভুক্তি, নারীর ক্ষমতায়ন, গ্রামীণ উন্নয়ন, দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ, ব্যবসা সহজীকরণ, প্রযুক্তিগত অংশীদারত্ব এবং বিদ্যুৎ ও জ্বালানি খাতে সহযোগিতা বৃদ্ধির বিষয়গুলো স্থান পায়।
হাইকমিশনার জোর দিয়ে বলেন, অর্থনৈতিক ও সংযোগমূলক সম্পর্ক শক্তিশালী করার পাশাপাশি সাংস্কৃতিক ও দুই দেশের জনগণের মধ্যে বিনিময় বৃদ্ধির মাধ্যমে ভারত-বাংলাদেশ সহযোগিতাকে ভৌগোলিক নৈকট্য থেকে নতুন সুযোগে রূপান্তর করা উচিত।
সূত্র : ইউএনবি









