দীর্ঘদিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্তি থেকে রাজধানীর সরকারি সাত কলেজকে বাতিল করার জন্য দাবি জানিয়ে আসছে ঢাবির বিএনপি-জামায়াত সমর্থিত শিক্ষকদের সংগঠন সাদা দল। কিন্তু নানা কারণে তাদের এ দাবি মানা হয়নি। তবে দীর্ঘদিন পর হলেও অবশেষে সাত কলেজের অধিভুক্তি বাতিল হয়েছে। প্রশাসনের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে সাদা দল।
সোমবার (২৭ জানুয়ারি) সাদা দলের বিবৃতিতে এতথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, সোমবার দুপুর দেড়টার দিকে ঢাকা কলেজসহ সাত কলেজের শিক্ষার্থীদের সাথে ঢাবি শিক্ষার্থীদের সংঘাতকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে ঢাবি ভিসি অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খানের সাথে দেখা করে উদ্বেগ প্রকাশ করেন ঢাবির বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল। ওই ঘটনায় সৃষ্ট যেকোনো সমস্যায় সাদা দলের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন শিক্ষক নেতারা। ঢাবি সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, যুগ্ম আহ্বায়কদ্বয় অধ্যাপক ড. আব্দুস সালাম এবং অধ্যাপক ড. মো: আবুল কালাম সরকারের নেতৃত্বে সাদা দলের আহ্বায়ক কমিটির নেতারা ভিসির কার্যালয়ে যান। সেখানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ড. সায়মা হক বিদিশা (প্রশাসন) ও অধ্যাপক ড. মামুন আহমেদ (শিক্ষা), ট্রেজারার অধ্যাপক এম জাহাঙ্গীর আলম চৌধুরী এবং প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমেদ।
নীল দলের শিক্ষকরা ঢাবি ভিসিকে স্মারকলিপি দেয়া প্রসঙ্গে বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনে ঘাঁপটি মেরে থাকা ফ্যাসিবাদের দোসররা গোপনে আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন নীল দলের শিক্ষক নেতাদের সাথে যোগাযোগ রাখছেন। যে কারণে গত শনিবার শিক্ষক সমিতিতে প্রতিনিধিত্বকারী নীল দলের নেতারা সমিতির কার্যক্রমকে সক্রিয় করার দাবিতে ঢাবি ভিসিকে স্মারকলিপি দেন। এখান থেকেই বোঝা যায় যে ফ্যাসিবাদী আওয়ামী লীগের দোসররা উদ্ভূত ঘটনাকে উস্কে দিতে চাইছে। এ বিষয়েও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসিসহ প্রশাসনকে সোচ্চার হওয়ার আহ্বান জানায় সাদা দল।





