পরীক্ষায় নকলের দায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিভিন্ন বিভাগ ও ইন্সটিউটের ৫২ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে। অন্যদিকে ইচ্ছাকৃতভাবে শিক্ষার্থীদের ফেল করানোয় বাংলাদেশ মেডিকেল কলেজের চার শিক্ষককে শাস্তি দেয়া হয়েছে।
মঙ্গলবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। বেশ কয়েকজন সিন্ডিকেট সদস্য এসব বিষয়ে নিশ্চিত করেন।
সিন্ডিকেট সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ইন্সটিটিউটের সেমিস্টার ও মিডটার্ম পরীক্ষায় নকল করার অভিযোগে ৫২ জন শিক্ষার্থীর বিরুদ্ধে বিভিন্ন মেয়াদে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয়ের ডিসিপ্লিনারি বোর্ড (ডিবি)। অন্যদিকে বাংলাদেশ মেডিকেল কলেজের চার শিক্ষকের বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে শিক্ষার্থীকে ফেল করানোর জন্য ট্যাবুলেশন শিটে কম নম্বর দেয়ার অভিযোগ আসে। তাদেরও ডিবির সভায় দুই থেকে তিন বছরের পরীক্ষা সংক্রান্ত কাজ থেকে অব্যাহতি দেয়ার সুপারিশ করা হয়।
সভায় বিশ্ববিদ্যালয় ৫২তম সমাবর্তনের তারিখও ও সমাবর্তন বক্তার নাম প্রস্তাব করা হয়েছে। ড্লোইন অনুযায়ী এবারের সমাবর্তন হবে ৯ ডিসেম্বর করার সিদ্ধান্ত প্রস্তাব করেছে সিন্ডিকেট। বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর এবং রাষ্ট্রপতির সম্মতি থাকলে ওই তারিখেই সমাবর্তন অনুষ্ঠানের বিষয়ে একমত ঢাকা বিশ্ববিদ্যালয়।
সার্বিক বিষয়ে ঢাবি ভিসি অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, ডিবির সুপারিশ সিন্ডিকেট অনুমোদন দিয়েছে। সে অনুযায়ী তাদের শাস্তি প্রদানের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে সিন্ডিকেট।
আগামী সমাবর্তনের বিষয়ে ভিসি বলেন, ডিসেম্বরর ৯ তারিখে সমাবর্তনের তারিখ প্রস্তাব করা হয়েছে। যদি রাষ্ট্রপতির সম্মতি থাকে তাহলে ৯ তারিখে সমাবর্তন হবে। এতে স্পিকার হিসেবে থাকবেন জাপানের নাগরিক ও পদার্থ বিজ্ঞানে ২০১৫ সালের নোবেল বিজয়ী অধ্যাপক তাকাকি কাজিটা।





