আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ-এর কেন্দ্রীয় পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। পরীক্ষার গড় পাসের হার ৭৩ দশমিক ৫১ শতাংশ। ছাত্রদের পাশের হার ৭৭ দশমিক ১৮ আর ছাত্রীদের পাশের হার ৬৫ দশমিক ২৬।
আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়ার কেন্দ্রীয় দফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ফল ঘোষণা করা হয়। ফল ঘোষণা করেন আল হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ-এর কো-চেয়ারম্যান আল্লামা আশরাফ আলী। ফল ঘোষণার পূর্বে পরীক্ষা নিয়ন্ত্রক আল্লামা হাফেজ মাওলানা মুহাম্মাদ ইসমাইল ফলাফলের ফাইল কো-চেয়ারম্যানের কাছে হস্তান্তর করেন।
ফল প্রকাশ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে আল্লামা আশরাফ আলী আল্লাহ্ শুকরিয় আদায় করে বলেন, দাওরায়ে হাদীসকে মাস্টার্সের সমমান দেয়ার পর ছাত্রছাত্রীদের মধ্যে মেধার প্রতিযোগিতা শুরু হয়েছে। অনেক সীমাবদ্ধতা সত্বেও নির্ধারিত তারিখে ফল ঘোষণা করা সম্ভব হয়েছে।
অনুষ্ঠানে ছয়টি বোর্ডের প্রতিনিধিরা আগামী পরীক্ষার ফল রমযান মাসে প্রকাশ করা এবং পাসের হার যাতে না কমে সে বিষয়ে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য, অক্টোবর ২০১৮ সালে জাতীয় সংসদে কওমী মাদরাসার দাওরায়ে হাদীসের সনদকে মাস্টার্স (ইসলামিক স্টাডিজ এবং আরবি) এর সমমান প্রদান বিল পাস হয়। এবারের পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ২৬,৭৮৮ জন, মোট উত্তীর্ণ হয়েছে ১৯,০৭৯ জন। এর মধ্যে ছাত্র ১৩,৮৬৯ জন এবং ছাত্রী ৫,২১০ জন। পাসের হার ছাত্র ৭৭.১৮, ছাত্রী ৬৫.২৬। মুমতায (স্টার মার্ক) পেয়েছে ছাত্র ৯৫৯ জন এবং ছাত্রী ৯২ জন। জায়্যিদ জিদ্দান (১ম) বিভাগে উত্তীর্ণ হয়েছে ছাত্র ৪,১২৪ জন, ছাত্রী ১,০৭৬ জন। জায়্যিদ (২য়) বিভাগে উত্তীর্ণ হয়েছে ছাত্র ৫,৬৩৪ জন, ছাত্রী ২,৩৫১ জন এবং মাকবূল (৩য়) বিভাগে উত্তীর্ণ হয়েছে ছাত্র ৩,১৫২ জন, ছাত্রী ১,৬৯১ জন।
ছাত্রদের মেধা তালিকায় শীর্ষে রয়েছে চট্টগ্রামের আল জামিয়াতুল আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার আহমদ সালেম নকি, রোল নং ১৫১২৭। মেধা তালিকায় ২য় স্থান অধিকার করেছে যৌথভাবে ৩ জন। তারা হচ্ছেন সিলেটের জামেয়া মাদানিয়া আঙ্গুরা মাদরাসার হাসান আল মাহমুদ (নাহিয়ান), রোল নং ১০৯৩৩ ও চট্টগ্রামের আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার মাহমুদ সালমান জকি, রোল নং ১৫১২৮ এবং চট্টগ্রামের আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া মাদরাসার মু: আরফাত হোসাইন, রোল নং ১৫৭১৭। মেধা তালিকায় ৩য় স্থান অধিকার করেছে ঢাকার জামিয়া রাহমানিয়া আরাবিয়া, সাত মসজিদ রোড, মোহাম্মদপুর, ঢাকা মাদরাসার সৈয়দ আবু সায়ীদ, রোল নং ১৬৩৩।
ছাত্রীদের মেধা তালিকায় শীর্ষে রয়েছে ঢাকার জামেয়া ইব্রাহীমিয়া মহিলা মাদরাসা, কাজলারপাড়, যাত্রাবাড়ী, ঢাকা মাদরাসার শাকিলা আখতার, রোল নং ১৯৭৯৯। মেধা তালিকায় ২য় স্থান অধিকার করেছে যৌথভাবে ২ জন। তারা হল বরিশালের চরমোনাই জামেয়া রশিদিয়া আহসানাবাদ (মহিলা শাখা) মাদরাসার মোসা: মাফরুহা, রোল নং ১৬৫৪০ এবং ঢাকার ফাতেমাতুয্ যাহরা (রা:) রামপুরা মহিলা মাদরাসার আয়শা সিদ্দিকা হুমায়রা, রোল নং ১৯৭৮৫। ৩য় স্থান অধিকার করেছে যৌথভাবে ২ জন। তারা হল বরিশালের চরমোনাই জামেয়া রশিদিয়া আহসানাবাদ (মহিলা শাখা) মাদরাসার মোসা: রুকাইয়া, রোল নং ১৬৫৩৯ এবং চট্টগ্রামের তাহফিজুল কোরআন ইসলামী আরবী বালিকা উচ্চ মাদরাসার মাহা মোহাম্মদ আব্দুল্লাহ, রোল নং ২৫৩৮১।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন কওমি মাদরাসা শিক্ষা কমিশন আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ-এর সদস্য মাওলানা আব্দুল কুদ্দুস, মাওলানা মাহফুজুল হক। আরো উপস্থিত ছিলেন বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ এর পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা মুফতি আবু ইউসুফ এবং প্রধান নিরীক্ষক মাওলানা আব্দুল গনী। বেফাকুল মাদারিসিল কওমিয়া গওহরডাঙ্গা বাংলাদেশ-এর মাওলানা আবুল কালাম, আযাদ দ্বীনী এদারায়ে তা‘লীম বাংলাদেশ-এর মহাসচিব মাওলানা আব্দুল বছীর এবং নিরীক্ষক মাওলানা মুহিব্বুল হক, তানযীমুল মাদারিসিদ দ্বীনিয়া বাংলাদেশ-এর মহাসচিব মাওলানা মুফতি এনামুল হক, জাতীয় দীনী মাদরাসা শিক্ষা বোর্ড বাংলাদেশ-এর মহাসচিব মুফতী মোহাম্মদ আলী। অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ-এর দপ্তর সম্পাদক মাওলানা মু. অছিউর রহমান।





