নবগঠিত ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত জেএসসি পরীক্ষার প্রথম ফল প্রকাশ করা হয়েছে। প্রকাশিত ফলাফলে পাসের হার ৮৭ দশমিক ২১ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৯০৩ জন পরীক্ষার্থী। জিপিএ-৫ প্রাপ্তির হার দুই দশমিক ৪২ শতাংশ।

আজ মঙ্গলবার দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে ফলাফল উপস্থাপন করেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো: সামছুল ইসলাম। এসময় বোর্ডের সচিব অধ্যাপক কিরীট কুমার দত্ত, কলেজ পরিদর্শক হাবিবুর রহমান, উপ-সচিব মশিউল আলম ও মনিরুজ্জামান, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মোহসিনা বেগম উপস্থিত ছিলেন।

ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে পরীক্ষা নিয়ন্ত্রক সামছুল ইসলাম জানান, ২০১৯ সালে ময়মনসিংহ বোর্ডের জেএসসি পরীক্ষায় এক হাজার ৪৮৪টি স্কুলের এক লাখ ৬১ হাজার ৩৫৯ জন পরীক্ষার্থীর মধ্যে এক লাখ ৪০ হাজার ৭১৭ জন পাস করেছে।

জেলাওয়ারী পাসের হার শেরপুরে ৯০ দশমিক ০৫ শতাংশ, জামালপুরে ৮৯ দশমিক ৫২ শতাংশ, ময়মনসিংহে ৮৫ দশমিক ৮৪ শতাংশ ও নেত্রকোনায় ৮৫ দশমিক ৭১ শতাংশ।

পরীক্ষার ফলাফলে দুই হাজার ২৯৩ জন জিপিএ-৫ পেয়ে এগিয়ে রয়েছে মেয়েরা আর ছেলেদের মধ্যে এক হাজার ৬০৪ জন জিপিএ-৫ পেয়েছে।

এক হাজার ৪৮৪টি স্কুলের মধ্যে শতভাগ পাস করেছে ১৭৩টি স্কুলের শিক্ষার্থী। তবে প্রাইম ইন্টারন্যাশনাল স্কুল থেকে তিনজন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছিল তাদের কেউ পাস করেনি।