কুমিল্লা শিক্ষা বোর্ডে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার ফলাফলে পাসের হারের সাথে সাথে বেড়েছে জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যাও। এবার পাসের হার ৮৮.৮০ ভাগ এবং জিপিএ ৫ গেল বছরের চেয়ে এবার বেড়েছে ২,৩৮৯টি। গত বছর এ বোর্ডে পাসের হার ছিল ৮৬.৯৯ ভাগ। গত বছরের তুলানায় এবার ১.৮১ ভাগ বেশি। গেল বছর জিপিএ-৫ প্রাপ্ত সংখ্যা ছিল ৩,৭৪২টি আর এবার বেড়ে হয়েছে ৬,১৩১টি। পাসের হারে ছেলেরা ও জিপিএ-৫-এ মেয়েরা এগিয়ে রয়েছে।
কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো: আসাদুজ্জামান আজ মঙ্গলবার সংবাদ সম্মেলনের মাধ্যমে এ পরীক্ষার ফলাফল ঘোষণা করেন।
কুমিল্লা শিক্ষা বোর্ড সূত্রে জানা যায়, এবার কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীন ৬ জেলা থেকে মোট পরীক্ষা দিয়েছে, ২ লাখ ৭০ হাজার ৯৭৪ জন। আর পাস করেছে ২ লাখ ৪০ হাজার ৬২২ জন। এর মধ্যে ছাত্র পরীক্ষা দিয়েছে ১ লাখ ১১ হাজার ৮৩৭ জন আর পাস করেছে ৯৯ হাজার ৯২৮ জন। পাসের হার ৮৯.৩৫ ভাগ। ছাত্রী পরীক্ষা দিয়েছে ১ লাখ ৫৯ হাজার ১৩৭ জন, পাস করেছে ১ লাখ ৪০ হাজার ৬৯৪ জন, পাসের হার ৮৮.৪১ ভাগ।
এ বছর কুমিল্লা বোর্ড থেকে মোট জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ১৩১ জন। এর মধ্যে ছাত্র ২ হাজার ১১৮ জন আর ছাত্রী ৪ হাজার ১৩ জন।
পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো: আসাদুজ্জামান বলেন, শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের মধ্যে পড়াশুনার প্রতি সচেতনতা বেড়েছে এবং একই সাথে শিক্ষা বোর্ড থেকেও বিভিন্ন ইতিবাচক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এতে এবার আমাদের ফলাফল ভালো হয়েছে।
এদিকে, শতভাগ পাস করেছে কুমিল্লার ৯০টি, নোয়াখালীর ২৩টি, ফেনীর ২৩টি, লক্ষ্মীপুরের ২২টি, চাঁদপুরের ৫৬টি এবং ব্রাহ্মণবাড়িয়ার ২৫টি প্রতিষ্ঠান।
কুমিল্লা বোর্ডের ছয় জেলার জেলাওয়ারী পাসের হারের মধ্যে শীর্ষে রয়েছে চাঁদপুর জেলা। পাসের হার ৯২.৪৩ ভাগ। কুমিল্লা ৯০.৪২ ভাগ, ফেনী ৯০.১২ ভাগ, লক্ষ্মীপুর ৮৭.৪০ ভাগ, নোয়াখালী ৮৬.০১ ভাগ এবং ব্রাহ্মণবাড়িয়া ৮৫.৩৫ ভাগ।









