জনসমাগমহীন ও অনেকটা নিরব পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদের পরীক্ষা।
শনিবার সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয় ও সাতটি বিভাগীয় পর্যায়ের বিশ্ববিদ্যালয়ে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হয়। সকাল ১১টায় শুরু হয়ে সাড়ে ১১টা পর্যন্ত ৪০টি নৈর্ব্যক্তিক প্রশ্নের পরীক্ষা চলে। নৈর্ব্যক্তিক অংশের ফলাফল প্রকাশের পর উত্তীর্ণদের নিয়ে ড্রয়িং পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা চলাকালীন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অন্য দিনের তুলনায় জনসমাগম কম লক্ষ্য করা গেছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কেন্দ্রে ৮ হাজার ১৬৬ জন পরীক্ষার্থীর অংশগ্রহণ করার কথা থাকলেও সবাই পরীক্ষায় অংশগ্রহণ করেনি বলে জানা যায়।
জনসমাগম কম থাকায় আনন্দ প্রকাশ করেছেন অভিভাবক ও পরীক্ষার্থীরা। সুমন রায় নামের এক পরীক্ষার্থী নয়া দিগন্তকে জানান, আমি 'খ' ইউনিটের পরীক্ষাও দিয়েছি। সেদিন এত পরিমান ভীড় ছিল যে, অনেক কষ্টে আমাদের পরীক্ষা দিতে হয়েছে। আজকে তেমন ভীড় দেখা যায়নি। আমরা শান্তি মতো পরীক্ষা দিতে পেরেছি। এজন্য অনেক ভালো লাগছে।
রাহেলা খানম নামে একজন অভিভাবক বলেন, অন্য দিন টিভিতে দেখি অনেক ভীড় থাকে। আজকে তেমন কিছু চোখে পড়েনি। কোনো হট্টগোল ছাড়াই পরীক্ষা দিয়েছে বাচ্চারা। সুন্দর পরিবেশ উপহার দেয়ার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়কে ধন্যবাদ জানাই।
পরীক্ষার সময় বরাবরের মতোই বিভিন্ন জেলা, উপজেলার ছাত্রকল্যাণ সমিতি, রাজনৈতিক ও অরাজনৈতিক ছাত্রসংগঠনগুলো হেল্পডেস্ক বসিয়ে পরিক্ষার্থী ও অভিভাবকদের সহযোগিতা করেছেন।









