বেসরকারি স্কুলে ভর্তিতে আসনের কোনো সংকট নেই। তবে লটারিতে মূলত প্রতিযোগিতা হবে রাজধানীর প্রসিদ্ধ এবং দেশের নামকরা স্কুলে ভর্তির সুযোগ পেতে।
রোববার (১৯ ডিসেম্বর) একযোগে দেশের বেসরকারি স্কুলে ভর্তির লটারি অনুষ্ঠিত হবে। রাজধানীর নিউমার্কেট এলাকায় অবস্থিত নায়েম ভবনে আয়োজন করা হবে এই লটারির।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বেসরকারি স্কুলে ভর্তিতে প্রায় সাড়ে ৯ লাখ আসনের মধ্যে ৬ লাখ শূন্য থাকছে। লটারির আওতায় থাকা দেশের ২ হাজার ৯০৭টি বিদ্যালয়ে ৩ লাখ ৬৪ হাজার ৭০৭ জন শিক্ষার্থী ভর্তির জন্য আবেদন করেছে। বাকি আসনগুলোতে ভর্তির জন্য কেউ আগ্রহ প্রকাশ করেনি। শনিবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি) থেকে এ তথ্য জানা গেছে।
মাউশি সূত্র জানায়, বেসরকারি স্কুলে ভর্তিতে গত ২৫ নভেম্বর অনলাইন আবেদন শুরু হয়। আবেদন চলে ১৬ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত। বেসরকারি স্কুলের ভর্তি লটারি ১৯ ডিসেম্বর রাজধানীর নিউমার্কেট এলাকায় অবস্থিত নায়েম ভবনে আয়োজন করা হবে।
উল্লেখ্য, আসন্ন শিক্ষাবর্ষে ভর্তির জন্য (২০২২ সালের) বেসরকারি স্কুলে ভর্তি কেন্দ্রীয়ভাবে লটারি আয়োজন করা হচ্ছে। সারাদেশের ২ হাজার ৯০৭টি স্কুলে ভর্তির জন্য ৯ লাখ ৪০ হাজার ৮০৭ শূন্য আসনে ৭ লাখ ১৪ হাজার ৮২১টি বিদ্যালয়ে ভর্তির জন্য পচ্ছন্দক্রম অনুসারে আবেদন এসেছে। এতে মোট ৩ লাখ ৬৮ হাজার ৭০৭ জন শিক্ষার্থী আবেদন করেছে।








