বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) পরিচালিত এইচএসসি পরীক্ষা-২০২২ শুক্রবার (২৩ সেপ্টেম্বর) থেকে শুরু হচ্ছে। সারাদেশের জেলা উপজেলা পর্যায়ে ৩০৮টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের পরিচালক (ভারপ্রাপ্ত) ড. আ.ফ.ম. মেজবাহ উদ্দিন।
জানা গেছে, এ পরীক্ষা শুধুমাত্র শুক্রবার ও শনিবার বন্ধের দিনগুলোতে সকালে ও বিকেলে অনুষ্ঠিত হবে। আগামী ২৯ অক্টোবর পর্যন্ত চলবে এই পরীক্ষা। এবারের পরীক্ষায় প্রথম ও দ্বিতীয় বর্ষে সর্বমোট ৮৮ হাজার ২৩৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। এর মধ্যে পুরুষ পরীক্ষার্থী ৫৩ হাজার ৬২৬ জন (৬০.৭৭ শতাংশ) এবং নারী পরীক্ষার্থী ৩৪ হাজার ৬১২ জন (৩৯.২৩ শতাংশ)। পরীক্ষা অনুষ্ঠানের জন্য ইতোমধ্যে সকল প্রস্তুতি গ্রহণ করেছে কর্তৃপক্ষ। পরীক্ষার্থীদেরকে তাদের পরীক্ষার মূল আইডি কার্ডসহ যথাসময়ে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকার জন্য বলা হয়েছে।





