নোবিপ্রবি প্রতিনিধি
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের গুচ্ছভুক্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে।
আজ শুক্রবার সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় মোট ২ হাজার ১৪৯ জন পরীক্ষার্থীর মধ্যে ১ হাজার ৯৭৭ জন পরীক্ষায় অংশগ্রহণ করে। উপস্থিতির হার ৯২ শতাংশ।
পরীক্ষা শুরুর পর নোবিপ্রবির ভিসি অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল পরীক্ষার কেন্দ্রসমূহ পরিদর্শন করেন। এ সময় নোবিপ্রবি প্রো-ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ, পরীক্ষা পরিচালনা কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম, নোবিপ্রবি জিএসটি ভর্তি পরীক্ষার ফোকাল পয়েন্ট অধ্যাপক ড. মো: জাহাঙ্গীর সরকার, টেকনিক্যাল কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. মো: আশিকুর রহমান খান, আপ্যায়ন উপ-কমিটির আহ্বায়ক ড. আবদুল কাইয়ুম মাসুদ, পরীক্ষা হলসমূহে ভিজি ল্যান্স ও শৃঙ্খলা উপ-কমিটির আহ্বায়ক এএফএম আরিফুর রহমান, পরীক্ষা পরিচালনা কমিটি ও বিভিন্ন উপ-কমিটির সদস্যরা বিভিন্ন কেন্দ্রে উপস্থিত ছিলেন।
পরে এক সংবাদ সম্মেলনে ভিসি বলেন, ‘গত পরীক্ষার মতো এবারো অভিভাবকদের জন্য বসার সুব্যবস্থা করা হয়েছিল। পরীক্ষা কেন্দ্রিক কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।’
তিনি আশা প্রকাশ করেন, শিক্ষার্থীরা ভালোভাবে পরীক্ষা দিতে পেরেছে।
উল্লেখ্য, শুক্রবার (৯ মে) ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। নোবিপ্রবি ক্যাম্পাস ছাড়াও নোয়াখালী জেলার আরো চারটি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।
উপাচার্য সকলের সহযোগিতার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন, বিশেষ করে জেলা প্রশাসন, পুলিশ, গোয়েন্দা সংস্থা, বিদ্যুৎ বিভাগ, স্বেচ্ছাসেবক, সাংবাদিক এবং নোয়াখালীবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।





