জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে আয়োজিত বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল মঙ্গলবার (২২ জুলাই) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সকল ক্লাস বন্ধ থাকবে। তবে পূর্বনির্ধারিত সব পরীক্ষা যথারীতি চলবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

সোমবার (২১ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিধারণ ও লালন এবং ৩৬ জুলাই স্বৈরাচার হাসিনার পতন দিবস উদযাপন-২০২৫ উপলক্ষে পূর্বনির্ধারিত কর্মসূচির কারণে ২২ জুলাই মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস স্থগিত করা হলো। তবে পূর্বনির্ধারিত সব পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের পতনের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে আগামী ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত বিভিন্ন কর্মসূচি পালন করছে অন্তর্বর্তী সরকার। সরকারি কর্মসূচির অংশ হিসেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আগামীকাল উদ্বোধন করা হবে ‘অদম্য-২৪’ স্মৃতিস্তম্ভ।

এছাড়া আগামীকাল জাবিতে গ্রাফিতি, আলোকচিত্র ও আল্পনাতে জুলাই-২৪, জুলাই গণঅভ্যুত্থানে বাংলাদেশে প্রথম প্রদর্শিত প্রতিবাদী পথনাট্য (একটি নন-ফিকশন) চিত্রাঙ্কন প্রতিযোগিতা ইত্যাদি কর্মসূচি অনুষ্ঠিত হবে।