বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ভিসি অধ্যাপক ড. শূচিতা শরমিনের পদত্যাগের দাবিতে আমরণ অনশনে বসেছেন একদল শিক্ষার্থী।
সোমবার (১২ মে) রাত সাড়ে ৯টার দিকে অনশনে বসেন তারা।
এর আগে, বিশ্ববিদ্যালয়ের গ্রান্ডফ্লোরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।
সংবাদ সম্মেলনে আন্দোলনকারীদের পক্ষে সুজয় বিশ্বাস শুভ বলেন, ‘আমরা বিশ্ববিদ্যালয়টির আচার্য, শিক্ষা উপদেষ্টা এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) কর্মকর্তাদের যথেষ্ট সময় দিয়েছি। আমরা বারবার তাদের কাছে আমাদের বার্তা পৌঁছে দেয়ার চেষ্টা করেছি। কিন্তু তারা শিক্ষার্থীদের আকুতি বুঝতে ব্যর্থ হয়েছেন।’
তিনি বলেন, ‘এই মুহূর্তে থেকে আমরা ঘোষণা করছি, যতক্ষণ পর্যন্ত এই ভিসিকে অপসারণ করে বিশ্ববিদ্যালয়ের সঙ্কট নিরসনে পদক্ষেপ নেয়া না হবে, ততক্ষণ পর্যন্ত আন্দোলনরত শিক্ষার্থীদের একটি অংশ আমরণ অনশনে থাকবে। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এ অনশন থেকে উঠব না।’








