পবিত্র রমজান উপলক্ষে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ক্যাম্পাসে পৃথকভাবে গণইফতার কর্মসূচি আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বিশ্ববিদ্যালয় শাখা।

বুধবার (৪ মার্চ) বিকেলে আয়োজিত দুই কর্মসূচিতে সহস্রাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের জন্য কেআর মার্কেটে ছাত্রশিবিরের উদ্যোগে ‘বারাকাহ ইফতার প্রোগ্রাম ২০২৬’ শীর্ষক গণইফতার অনুষ্ঠিত হয়।

আয়োজকদের দাবি, এতে এক হাজারের অধিক নারী শিক্ষার্থী অংশ নেন। কর্মসূচিতে উপস্থিত ছিলেন শাখা সভাপতি আবু নাসের ত্বোহা ও সাধারণ সম্পাদক আব্দুল আল মঈনসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।

শাখা সভাপতি আবু নাসের ত্বোহা বলেন, ‘রমজানের সংস্কৃতি শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে নিয়মিত গণইফতারের আয়োজন করা হচ্ছে।’

তিনি জানান, এর আগে কেন্দ্রীয় মসজিদে প্রায় ২ হাজার ৭০০ শিক্ষার্থীকে নিয়ে ইফতার কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। একই ধারাবাহিকতায় নারী শিক্ষার্থীদের জন্য পৃথক এই আয়োজন করা হয়।

অন্যদিকে, বিশ্ববিদ্যালয়ের মাওলানা ভাসানী হল মাঠে ছাত্রদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আয়োজকদের তথ্যমতে, বিভিন্ন হল থেকে প্রায় সাত শতাধিক শিক্ষার্থী এতে অংশ নেন। ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন শাখা ছাত্রদলের সদস্য সচিব মো: শফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো: ইসমাইল হোসেনসহ অন্যান্য নেতাকর্মীরা।

মো: শফিকুল ইসলাম বলেন, দেশের মানুষের অধিকার পুনঃপ্রতিষ্ঠায় ছাত্রদলের আন্দোলন অব্যাহত রয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় তাদের কার্যক্রম চলমান থাকবে।’

তিনি আরো বলেন, ‘ক্যাম্পাসে স্বচ্ছ ও নিয়মতান্ত্রিক ছাত্ররাজনীতির পরিবেশ বজায় রাখা প্রয়োজন।’