রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অ্যাকাডেমিক, প্রশাসনিক ও আবাসন সঙ্কট মোকাবেলায় প্রয়োজনীয় সংস্কারসহ ২০টি সেগমেন্টে মোট ১২৫ সংস্কার প্রস্তাবনা দিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির।
রোববার (২২ জুন) বেলা ১১টার দিকে ভিসি অধ্যাপক ড. সালেহ হাসান নকীবের কাছে এ সংস্কার প্রস্তাবনা জমা দেন সংগঠনটির নেতাকর্মীরা। পরে বেলা সাড়ে ১১টার দিকে পরিবহন চত্বরে সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রস্তাবনাগুলো উপস্থাপন করা হয়।
তাদের দাবির সেগমেন্টগুলো হলো- অ্যাকাডেমিক সংস্কার, প্রশাসনিক সংস্কার, শিক্ষক নিয়োগ পদ্ধতির সংস্কার, আবাসন সংক্রান্ত সংস্কার, খাদ্য ব্যবস্থাপনা সংস্কার, বিশুদ্ধ পানির ব্যবস্থা করা, কেন্দ্রীয় গ্রন্থাগার সংস্কার, চিকিৎসা কেন্দ্র সংস্কার, পরিবহন ব্যবস্থায় সংস্কার, শিক্ষার্থীদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার, ধর্মীয় উপাসনালয় সংস্কার ও টিএসসিসি সংস্কার।
এছাড়া বিভিন্ন সংগঠনগুলোর অবকাঠামো অনুযায়ী রেজিস্ট্রেশনের আওতায় আনা, বিভিন্ন অ্যাকাডেমিক, আবাসিক ও প্রশাসনিক ভবনগুলোর ওয়াশরুম সংস্কার, ভর্তি ও ফরম ফিলাপে পেমেন্ট সিস্টেম আধুনিকীকরণ, যৌন নিপীড়নবিরোধী সেল কার্যকর করা এবং শিক্ষার্থীদের অন-ক্যাম্পাস চাকরির ব্যবস্থা করা।
এ সময় তারা ৩১ জুলাইয়ের মধ্যে রাকসু নির্বাচন সম্পন্ন করা এবং এ সপ্তাহের মধ্যেই তফসিল ঘোষণার দাবি জানান।
রাবি ছাত্রশিবিরের সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ বলেন, ‘দায়িত্ব গ্রহণের ৮ মাস পার হয়ে গেলেও তেমন কোনো পরিবর্তন আনতে পারেনি এ প্রশাসন। আমাদের দেয়া দাবিগুলোর মধ্যে স্বল্প সময়ের মধ্যে যেগুলো সংস্কার সম্ভব, সেই দাবিগুলো নিয়ে প্রশাসন কাজ শুরু না করলে আমরা মাঠের আন্দোলনে নামতে বাধ্য হব।’
এ সময় শাখা শিবিরের সেক্রেটারি মুজাহিদ ফয়সাল, দফতর সম্পাদক হাফেজ মেহেদী হাসান, প্রচার ও মিডিয়া সম্পাদক নওসাজ্জামানসহ শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।








