তীব্র আবাসন সঙ্কটের অভিনব প্রতিবাদ হিসেবে ‘প্রতীকী সিট বণ্টন’ কর্মসূচি পালন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির। ২০২৪-২৫ সেশনের নবীন শিক্ষার্থীদের মাঝে এ প্রতীকী সিট বণ্টন করে সংগঠনটি।

মঙ্গলবার (১ জুলাই) দুপুরে চবির বুদ্ধিজীবী চত্বরে এ কর্মসূচি পালন করে সংগঠনটির নেতাকর্মীরা।

এ সময় চবি ছাত্রশিবিরের অফিস সম্পাদক মোহাম্মদ পারভেজ আইসিটি সেলের পরিচালক ও সাহিত্য সম্পাদক সাঈদ বিন হাবিব প্রভোস্ট হিসেবে প্রতীকী দায়িত্ব পালন করেন। পরে তারা নবীন শিক্ষার্থীদের মাঝে ভিসির বাংলো ও শিক্ষক ক্লাবে সিট বরাদ্দ দেন।

চবি ছাত্রশিবিরের সেক্রেটারি মোহাম্মদ আলী বলেন, ‘আজ থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ সেশনের নবীন শিক্ষার্থীদের ক্লাস শুরু হচ্ছে। কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একজন নবীন শিক্ষার্থীকেও আবাসন সুবিধা দিতে পারেনি।’

তিনি বলেন, ‘দূরদূরান্ত থেকে আসা নবীন শিক্ষার্থীরা ক্যাম্পাসে এসে এক ধরনের অনিশ্চয়তার মধ্যে সময় কাটায়। তারা জানে না কোথায় থাকবে বা আদৌ বাসা পাবে কি না। কিন্তু আমরা দেখেছি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এসব নিয়ে কোনো মাথাব্যথা নেই, কোনো উদ্যোগ নেই। দেশের সর্ববৃহৎ স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় হয়েও প্রতিষ্ঠার ৬০ বছরেও শতভাগ আবাসন ব্যবস্থা করতে না পারার প্রতিবাদ হিসেবে আমরা ‘প্রতীকী সিট বণ্টন’ কর্মসূচি পালন করছি।’