মেহরান আল বান্না ইউশা, রুয়েট

বিশ্বের অন্যতম বৃহৎ প্রযুক্তি প্রতিযোগিতা ‘হুয়াওয়ে আইসিটি প্রতিযোগিতা ২০২৪-২০২৫-এ গ্র্যান্ড প্রাইজ (চ্যাম্পিয়ন) জিতেছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক আজমাঈন ইয়াক্কিন সৃজন। তিনি এক্সপেরিমেন্টাল টিচিং ট্র্যাক বিভাগের মোস্ট ভ্যালুয়েবল ইন্সট্রাক্টর (এমভিআই) হিসেবে এ অসাধারণ সাফল্য অর্জন করেন।

জানা যায়, চীনের শেনজেনে অবস্থিত হুয়াওয়ের প্রধান কার্যালয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বিশ্বের বিভিন্ন দেশের আইসিটি শিক্ষাবিদ ও প্রশিক্ষকরা অংশ নেন। সেখানে বাংলাদেশ ও রুয়েটকে প্রতিনিধিত্ব করে আজমাইন ইয়াক্বীন সৃজন নিজের দক্ষতা, শিক্ষাদানের পদ্ধতি ও উদ্ভাবনী দৃষ্টিভঙ্গির মাধ্যমে সবার নজর কাড়েন।

আন্তর্জাতিক মঞ্চে নিজের অভিজ্ঞতা নিয়ে অনুভূতি জানিয়ে তিনি বলেন, ‘আমি গর্বিত যে বাংলাদেশ ও রুয়েটকে বিশ্বের অন্যতম বৃহৎ প্রযুক্তির মঞ্চে প্রতিনিধিত্ব করতে পেরেছি। ‘আমি কি অংশ নেব?’—এ প্রশ্ন থেকে শুরু করে পুরোটা জিতে নেয়া ছিল জীবনভরের স্মরণীয় একটি যাত্রা। প্রথমবার একা বিদেশে ভ্রমণ করেছি। অসংখ্য বন্ধু ও স্মৃতি জমা হয়েছে। জীবন সত্যিই সুন্দর।’

এদিকে প্রতিযোগিতার এ গৌরবজনক অর্জনে রুয়েট পরিবার গর্বিত এবং ভবিষ্যতে আরো আন্তর্জাতিক অঙ্গনে শিক্ষকদের অংশ ও সাফল্য প্রত্যাশা করছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।