বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) বর্তমান পরিস্থিতি সমাধানকল্পে বিশ্ববিদ্যালয়টির ভিসি ড. শূচিতা শরমিন আপাতত রেজিস্ট্রারের (অতিরিক্ত) দায়িত্ব পালন করবেন।

শনিবার (৩ এপ্রিল) ঢাকার অতিথিশালায় বিশ্ববিদ্যালয়ের ৮৮তম সিন্ডিকেটের বিশেষ সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

এই সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি নিয়ে পাঁচটি বিষয়ে সিন্ধান্ত গ্রহণ করা হয়। তার মধ্যে একটি হলো রেজিস্ট্রার মো: মনিরুল ইসলামকে অপসারণের সিদ্ধান্ত। আগামী ৭ কর্মদিবসের মধ্যে নতুন রেজিস্ট্রার নিয়োগের বিজ্ঞপ্তি দেয়া হবে। আপাতত ভিসি রেজিস্ট্রারের (অতিরিক্ত) দায়িত্ব পালন করবেন। বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের বিশেষ সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

এছাড়াও সিন্ডিকেট সভায় গৃহীত সিদ্ধান্ত হলো অধ্যাপক ড. মো: মুহসিন উদ্দীনকে স্বপদে ফেরানোর বিষয়ে আদালতে নির্দেশনা অনুসরণের সিদ্ধান্ত হয়েছে।

ওই সভায় শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়েরকৃত মামলায় যারা মুচলেকা দেবেন তাদের অব্যাহতি দেয়ার সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি ফ্যাসিবাদ ও স্বৈরাচারের সমর্থক শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর বিষয়ে এক সদস্য কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে সিন্ডিকেট।

রেজিস্ট্রার গত ১ ফেব্রুয়ারি অবসরে গেছেন। কিন্তু এখনো তিনি রেজিস্ট্রারের সব দায়িত্ব পালন করছেন। সরকারি সুযোগ-সুবিধা আগের মতোই ভোগ করছেন। ভিসির নির্দেশে তার একান্ত সচিব মো: মিজানুর রহমান ৩০ জানুয়ারি এক আদেশ দিয়েছেন।

সেই লিখিত আদেশে শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে পিআরএল স্থগিতের পাশাপাশি সাময়িকভাবে কাজ চালিয়ে নেয়ার জন্য বলা হয়েছে। তবে সেই আদেশের কপি অফিসিয়াল কারো কাছে ছিল না।