মাভাবিপ্রবি প্রতিনিধি
গবেষণায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ‘DU Research Excellence Recognization 2025' সম্মাননা পেয়েছেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) ভিসি অধ্যাপক ড. মো: আনোয়ারুল আজীম আখন্দ।
সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তাকে এই সম্মাননা প্রদান করা হয়।
হাই-র্যাংকিং আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত গবেষণা নিবন্ধ এবং একাডেমিক অগ্রগতির জন্য অধ্যাপক আখন্দকে এই স্বীকৃতি প্রদান করা হয়েছে।
এই সম্মাননায় আনন্দ প্রকাশ করে অধ্যাপক আখন্দ বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এ ধরনের সম্মাননা পেয়ে আমি আনন্দিত। এটি আমাদের গবেষণার পথকে আরো মজবুত করবে।’
গবেষণা প্রসঙ্গে তিনি বলেন, ‘গবেষণাগারগুলোকে আরো সমৃদ্ধ করার পাশাপাশি গবেষকদের উৎসাহিত করার চেষ্টা অব্যাহত থাকবে। গবেষণায় আগ্রহী একটি প্রজন্ম তৈরি করাই আমাদের লক্ষ্য।’
উল্লেখ্য, অধ্যাপক আখন্দ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবেও একাধিক গবেষণা প্রকাশনা সম্পন্ন করেছেন। মাভাবিপ্রবি পরিবারের পক্ষ থেকেও ভিসিকে অভিনন্দন জানানো হয়েছে।





