মেলান্দহ (জামালপুর) সংবাদদাতা
জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) স্নাতক (সম্মান) শ্রেণিতে প্রথমবর্ষে ভর্তির ‘বি’ ইউনিটের (মানবিক শাখা) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। জাবিপ্রবিতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীর সংখ্যা ছিলো এক হাজার ৪৬১ জন। এর মধ্যে পরীক্ষায় অংশ নেয় এক হাজার ৯৬ জন শিক্ষার্থী। উপস্থিতির হার শতকরা ৯৫ দশমিক ৫৬ শতাংশ।
আজ শুক্রবার সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষা চলাকালে ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ রোকনুজ্জামান, প্রো-ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন ও রেজিস্ট্রার মোহাম্মদ নূর হোসেন চৌধুরী হলসমূহ পরিদর্শন করেন।
বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, ‘ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে আগত শিক্ষার্থী ও অভিভাবকদের সার্বিক কল্যাণে নানা ধরনের উদ্যোগ নেয়া হয়। বিশ্ববিদ্যালয় পরিবহনপুলের বাসগুলোর মাধ্যমে ভর্তি পরীক্ষার্থীদের বিনা খরচে যাতায়াতের ব্যবস্থা করা হয়েছে।’
ভর্তি পরীক্ষা বিষয়ে ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ রোকনুজ্জামান বলেন, ‘শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছেন। পরীক্ষা চলাকালে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।’
তিনি বলেন, ‘শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতার জন্য যা করার প্রয়োজন বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করেছে। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সহযোগিতা প্রদান করেছে।’
উল্লেখ, এই বিশ্ববিদ্যালয়ে আগামী ৯ মে অনুষ্ঠেয় ‘এ’ ইউনিটে (বিজ্ঞান) মোট তিন হাজার ২৮ জন ভর্তি পরীক্ষায় অংশ নেবেন। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছাড়াও জাবিপ্রবির অপর কেন্দ্র পাশের এলাকা এম এ গফুর উচ্চ বিদ্যালয় নির্ধারণ করা হয়েছে।





