চাঁদা না দেয়ায় রাজধানীতে যুবদল নেতা কর্তৃক ভাঙারি ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যাকাণ্ডের ঘটনায় বিচারের দাবি জানিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা।

শুক্রবার (১১ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ক্যাম্পাসের জিয়া মোড় থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের নেতৃত্বে বিক্ষোভ মিছিল শুরু করেন শিক্ষার্থীরা।

মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে ডায়না চত্বরে সমাবেশ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।

সহ-সমন্বয়ক ইয়াসিরুল কবির বলেন, ‘আমরা তাদের মুখে বারবার শুনি নির্বাচন না দিলে নাকি দেশের আইনশৃঙ্খলা ব্যবস্থা ঠিক হবে না। কিন্তু আমরা এটাও দেখতে পাই যে নির্বাচন হওয়ার আগেই ওই সংগঠনটি সবচেয়ে বেশি খুনের রাজনীতি করছে। আমরা দেখেছি গত ১৭ টি বছর একটি সরকার স্বৈরাচারী শাসন কীভাবে কায়েম করেছিল। আমরা আজকে দেখতে পেরেছি যে কিভাবে একটা ব্যবসায়ী ভাইকে চাঁদার জন্য নির্মমভাবে হত্যা করা হয়েছে। ছাত্রসমাজ আর কোনো সন্ত্রাসীদের মেনে নেবে না।’

এদিকে মিছিলে অংশগ্রহণকারী অধিকাংশ শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে পৃথক সমাবেশ করেন। এতে শাখা ছাত্রশিবিরের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

সমাবেশে শিক্ষার্থীরা বলেন, ২৪ পরবর্তী স্বাধীন বাংলাদেশের যারা চাঁদাবাজ কায়েম করতে চাইবে তাদের জাতি কখনো মেনে নেবে না। তারা একের পর এক ধর্ষণ, চাঁদাবাজি করে যাচ্ছে। আমরা এ বাংলাদেশ দেখার জন্য আন্দোলন করি নাই। ইন্টেরিম সরকার, আপনারা মেরুদন্ড সোজা করুন। আপনারা বিচার করতে না পারলে জনগণ আপনাদের ক্ষমতা থেকে নামিয়ে দিবে। সুতরাং অপরাধী যেই দলেরই হোক তার সর্বোচ্চ বিচার নিশ্চিত করতে হবে।

উল্লেখ্য, গত বুধবার রাজধানীর মিটফোর্ড হাসপাতাল এলাকায় চাঁদা না দেয়ায় মো: সোহাগ (৪৩) নামে এক ভাঙারি ব্যবসায়ীকে পিটিয়ে ও পাথর দিয়ে থেতলে হত্যা করেন যুবদল নেতা মঈন ও তার সহযোগীরা। সেদিনই পুলিশ যুবদল নেতা মঈনসহ দু’জনকে আটক করে। এদিকে মঈনসহ দু’জনকে যুবদল থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানা গেছে।