মহানবী হজরত মুহাম্মদকে সা: নিয়ে কটূক্তি করায় তৌফিক ইসলাম নাবিল নামে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
সোমবার (৩০ জুন) সকালে বিশ্ববিদ্যালয় জনসংযোগ কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক ড. মোহাম্মদ মহিউদ্দিন স্বাক্ষরিত এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্যটি জানানো হয়।
সাময়িক বহিষ্কৃত শিক্ষার্থী তৌফিক ইসলাম নাবিল ৫০তম ব্যাচের ভূগোল ও পরিবেশ বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী বলে জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, হজরত মুহাম্মদকে সা: নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কটূক্তিমূলক মন্তব্য করে তৌফিক ইসলাম নাবিল ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছেন। যা বাংলাদেশ দণ্ডবিধি ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী শৃঙ্খলা সংক্রান্ত অধ্যাদেশ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। এ পরিপ্রেক্ষিতে ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান তাকে সাময়িকভাবে বহিষ্কারের নির্দেশ দেন।
এছাড়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী শৃঙ্খলা সংক্রান্ত অধ্যাদেশ অনুযায়ী ‘অসদাচরণ’-এর অভিযোগে তদন্ত করে সুপারিশসহ তদন্ত প্রতিবেদন দেয়ার জন্য বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী শৃঙ্খলা সংক্রান্ত অধ্যাদেশ অনুযায়ী সমাজবিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মো: শামছুল আলমের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
উল্লেখ্য, গত ২৮ জুন তৌফিক ইসলাম নাবিলের ফেসবুক অ্যাকাউন্ট থেকে ধর্মীয় অবমাননাকর মন্তব্যের একটি স্ক্রিনশট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি দ্রুততম সময়ে শিক্ষার্থীদের নজরে এলে ক্যাম্পাসজুড়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। ওই দিন রাতেই বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করে এবং অভিযুক্ত শিক্ষার্থীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে।
পর দিন ২৯ জুন শিক্ষার্থীরা ভিসি বরাবর একটি লিখিত অভিযোগপত্র জমা দেন। অভিযোগে তারা বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ ও সহনশীল পরিবেশ বজায় রাখার স্বার্থে অভিযুক্ত শিক্ষার্থীর দ্রুততম সময়ে বিচার ও স্থায়ী বহিষ্কারের দাবি জানান। গত রোববার রাতেও ধর্মীয় অনুভূতিতে আঘাতের প্রতিবাদে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে।








