রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) ইনোভেশন হাব পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা রেহান আসিফ আসাদ।

শুক্রবার (২৭ মার্চ) সন্ধ্যা ৫টার দিকে তিনি ইনোভেশন হাব পরিদর্শন করেন।

‎‎এ সময় রেহান আসিফ বলেন, ‘স্টার্টআপ ব্যবসায় উদ্যোক্তাদের এখন শুধু ওয়েব পেজ নির্ভরশীল না থেকে মোবাইল অ্যাপ উপযোগী হয়ে উঠতে হবে। অন্যথায় প্রতিযোগিতার এই বাজারে পিছিয়ে পড়তে হবে।’

‎‎এছাড়া তিনি ইনোভেশন হাবে স্টার্টআপ ও উদ্যোক্তা উন্নয়নের জন্য বিভিন্ন প্রশিক্ষণ, কর্মশালা ও মেন্টরশিপের ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করেন। শিক্ষার্থীরা তাদের নতুন আইডিয়া বাস্তব প্রোটোটাইপে রূপ দিতে কী কী সমস্যার সম্মুখীন হচ্ছেন, কিভাবে সমাধান দেয়া যায় এ বিষয়ে শিক্ষার্থী ও প্রশিক্ষকদের সাথে মতবিনিময় করেন।

মতবিনিময়কালে তিনি বলেন, ‘আইসিটি সেক্টরে গত ১৭ বছরে ৬০ বিলিয়ন খরচ হয়েছে কিন্তু তার ফলাফল আশানুরূপ না।’

‎‎এর আগে, উপদেষ্টা রুয়েটে উপস্থিত হলে তাকে ফুল দিয়ে বরণ করে নেন ভিসি অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক ও ছাত্রকল্যাণ দফতরের পরিচালক অধ্যাপক ড. রবিউল ইসলাম সরকারসহ রুয়েটের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

পরে উপদেষ্টা স্টুডেন্ট ইনোভেশন হাব পরিদর্শন করেন। মতবিনিময়কালে উপদেষ্টা প্রত্যেক উদ্যোক্তাদের সাথে তাদের প্রকল্প নিয়ে কথা বলেন এবং সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন।