ফ্রান্সে একজন সঙ্গী অনিয়মিত অভিবাসন অবস্থায় থাকলে সেই বিয়ে নিষিদ্ধ করার পক্ষে মত দিয়েছেন ৭১ শতাংশ নাগরিক। সিএসএ ইনস্টিটিউট, সি-নিউজ, ইউরোপ আঁ এবং ঝেদেদে-এর জন্য পরিচালিত এক জরিপে এ তথ্য উঠে এসেছে।

২২ ও ২৩ সেপ্টেম্বর অনলাইনে পরিচালিত এ জরিপে ১৮ বছর বা তার বেশি বয়সী এক হাজার ১০ জনকে অন্তর্ভুক্ত করা হয়। কোটা পদ্ধতিতে পরিচালিত জরিপে ফরাসি নাগরিকদের মতামত নেয়া হয়।

বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে রোবের মেনার- এর বিচারকে কেন্দ্র করে। আগামী ৩০ সেপ্টেম্বর মোঁপেলিয়ে-তে তার বিচার হওয়ার কথা। বেজিয়ে -এর মেয়র মেনারের বিরুদ্ধে অভিযোগ, ২০২৩ সালের জুলাইয়ে তিনি এক ফরাসি নারী ও তার আলজেরীয় সঙ্গীর বিয়ে সম্পন্ন করতে অস্বীকৃতি জানান। ওই আলজেরীয় নাগরিকের বিরুদ্ধে ওকিউতেএফ অর্থাৎ ফ্রান্স ত্যাগের প্রশাসনিক নির্দেশ—জারি ছিল।

এই ঘটনায় মেনারের বিরুদ্ধে সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড এবং ৭৫ হাজার ইউরো জরিমানার বিধান রয়েছে।

জরিপের ফল অনুযায়ী, পুরুষদের মধ্যে ৭৪ শতাংশ অনিয়মিত অবস্থায় থাকা বিদেশীর সাথে বিয়ে নিষিদ্ধ করার পক্ষে। নারীদের মধ্যে এ হার ৬৮ শতাংশ।

বয়সভেদে মতামতের পার্থক্য আরো স্পষ্ট। ১৮ থেকে ২৪ বছর বয়সীদের মধ্যে মাত্র ৪৭ শতাংশ এই নিষেধাজ্ঞার পক্ষে। অর্থাৎ এই বয়সগোষ্ঠীতে প্রস্তাবটির বিরোধিতাই সংখ্যাগরিষ্ঠ।

অন্যদিকে ২৫–৩৪ বছর বয়সীদের মধ্যে ৬৯ শতাংশ, ৩৫–৪৯ বছর বয়সীদের মধ্যে ৭১ শতাংশ এবং ৫০ বছরের বেশি বয়সী গোষ্ঠীগুলোর মধ্যে ৭৬ শতাংশ পর্যন্ত এই ধরনের বিয়ে নিষিদ্ধ করার পক্ষে মত দিয়েছেন।

সামাজিক ও পেশাগত শ্রেণির হিসাবেও পার্থক্য রয়েছে। সেএসপে+ শ্রেণির ৬৮ শতাংশ এবং সেএসপে- ও নিষ্ক্রিয় জনগোষ্ঠীর ৭৩ শতাংশ এই নিষেধাজ্ঞার পক্ষে মত দিয়েছেন।

জরিপে রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে মতামতের বড় পার্থক্য দেখা গেছে। বামপন্থী রাজনৈতিক দলগুলোর সমর্থকদের মধ্যে নিষেধাজ্ঞার প্রতি সমর্থন তুলনামূলকভাবে কম।

লা ফ্রঁস আঁসুমিজ- এর ঘনিষ্ঠদের মধ্যে মাত্র ২৩ শতাংশ এই প্রস্তাবের পক্ষে। পার্তি সোসিয়ালিস্ত- এর ঘনিষ্ঠদের মধ্যে এ হার ৪৫ শতাংশ। লে জেকোলজিস্ত- এর ক্ষেত্রে সমর্থন ৫৪ শতাংশ।

অন্যদিকে ডানপন্থী রাজনৈতিক দলগুলোর সমর্থকদের মধ্যে সমর্থনের হার অনেক বেশি। লে রেপুব্লিকাঁ-এর সমর্থকদের ৯৩ শতাংশ এবং রাসঁব্লমঁ নাসিওনাল-এর ঘনিষ্ঠদের ৯৫ শতাংশ অনিয়মিত অবস্থায় থাকা বিদেশীর সাথে বিয়ে নিষিদ্ধ করার পক্ষে মত দিয়েছেন।

প্রেসিডেন্টপন্থী রেনেসঁস-এর সমর্থকদের মধ্যে এ হার ৭১ শতাংশ, যা জাতীয় গড়ের সমান।

জরিপটি প্রকাশিত হয়েছে রোবের মেনারের বিচার শুরুর মাত্র এক সপ্তাহ আগে। ২০২৩ সালে যে দম্পতির বিয়ে সম্পন্ন করতে তিনি অস্বীকৃতি জানিয়েছিলেন, তাদের বিষয়টি ফ্রান্সে বিয়ে, অভিবাসননীতি এবং পৌর কর্তৃপক্ষের ক্ষমতা নিয়ে দীর্ঘদিনের বিতর্ককে আবারো সামনে এনেছে।

জরিপের ফলাফলে দেখা যাচ্ছে, বয়স, লিঙ্গ, সামাজিক অবস্থান এবং বিশেষ করে রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে এই প্রশ্নে ফরাসি জনমতে উল্লেখযোগ্য পার্থক্য রয়েছে। একই সাথে জাতীয় পর্যায়ে প্রস্তাবিত নিষেধাজ্ঞার পক্ষে সংখ্যাগরিষ্ঠ সমর্থনের কথাও উঠে এসেছে।