কুয়ালালামপুরের তিতিংসা স্টেডিয়ামে অনুষ্ঠিত আন্তর্জাতিক কিক বক্সিং টুর্নামেন্টে মালয়েশিয়ার প্রতিযোগীকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন বাংলাদেশের মনজুর আলম ‘দ্য হান্টার’। রানার্সআপ হয়েছেন মালয়েশিয়ার অ্যান্থনি কো। আন্তর্জাতিক কিক বক্সিং টুর্নামেন্টে এশিয়ার আটটি দেশের প্রতিযোগীরা অংশ নেন।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ওয়াইএন স্টাডি সলিউশন মালয়েশিয়ার সিইও ও প্রতিষ্ঠাতা মোহাম্মদ ইয়াসিনের উদ্যোগে কুয়ালালামপুরের বুকিত বিনতাংয়ের একটি রেস্টুরেন্টে মনজুর আলমকে সংবর্ধনা দেয়া হয়।
মোহাম্মদ ইয়াসিন বলেন, ‘প্রবাসে বাংলাদেশী প্রতিভাদের উৎসাহ ও অনুপ্রেরণা দিতে ওয়াইএন স্টাডি সলিউশন মালয়েশিয়া সবসময় কাজ করে যাচ্ছে। বিশেষ করে কুস্তিগির, অ্যাথলেটসহ বিভিন্ন ক্ষেত্রের প্রতিভাবানদের এগিয়ে যাওয়ার পথে পাশে থাকতে প্রতিষ্ঠানটি আগ্রহী। বিভিন্ন ক্রীড়া ও সামাজিক আয়োজনের সাথে প্রতিষ্ঠানটির সম্পৃক্ততা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’
সংবর্ধনা অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশীরা মনজুর আলমের এ অর্জনকে বাংলাদেশের জন্য উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেন। একইসাথে আন্তর্জাতিক অঙ্গনে আরো ভালো পারফরম্যান্সের মাধ্যমে দেশের নাম উজ্জ্বল করার পাশাপাশি লাল-সবুজের পতাকাকে আরো উঁচুতে তুলে ধরার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
প্রবাসে এ ধরনের উদ্যোগ বাংলাদেশী খেলোয়াড়দের আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি নতুন প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করবে বলে মনে করেন অনুষ্ঠানে উপস্থিত প্রবাসীরা। দেশের খেলোয়াড়দের আন্তর্জাতিক অঙ্গনে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয়ও ব্যক্ত করেন তারা।





