বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের তরুণ প্রতিনিধিদের অংশগ্রহণে সাত দিনব্যাপী ‘নর্থ ইস্ট এশিয়ান ইয়ুথ ক্যাম্প অন সাসটেইনেবল ডেভেলপমেন্ট-২০২৩’ অনুষ্ঠিত হয়েছে।

চীনের চিয়াংশি প্রদেশে ২১ আগস্ট শুরু হয়ে এই ইয়ুথ ক্যাম্প চলে ২৭ আগস্ট পর্যন্ত।

‘অংশীদারিত্বমূলক ভবিষ্যতের জন্য বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবন’ প্রতিপাদ্য নিয়ে ইয়ুথ ক্যাম্পটি চায়না সং ছিং লিং ফাউন্ডেশন এবং এসকে গ্রুপের যৌথ স্পন্সরে, চিয়াংশি প্রভিন্সিয়াল ফরেন অ্যাফেয়ার্স অফিস এবং চিয়াংশি প্রভিন্সিয়াল পিপলস অ্যাসোসিয়েশন ফর ফ্রেন্ডশিপ উইথ ফরেন কান্ট্রিস যৌথভাবে আয়োজন করে।

চিয়াংসি প্রাদেশিক সরকারের বৈদেশিকবিষয়ক অফিসের পরিচালক ফান ইয়ংয়ের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন চিয়াংশি প্রাদেশিক সরকারের ভাইস গভর্নর শিয়া ওয়েনইয়ং, চায়না সং ছিং লিং ফাউন্ডেশনের ডেপুটি সেক্রেটারি জেনারেল উ দিয়ানউ এবং উহানে কোরিয়ান কনস্যুলেট জেনারেলের ডেপুটি কনসাল জেনারেল আন রংচি।

ইয়ুথ ক্যাম্পে অংশগ্রহণকারীরা চিয়াংশি প্রদেশের নানচাং, চিয়ান এবং ইচুন শহরের বিভিন্ন জায়গায় পরিদর্শন করে শেখার কার্যক্রমের অংশ হিসেবে। তারা চীনের লাল বিপ্লবের পুরোনো স্থান, দারিদ্র্য বিমোচন ও গ্রামীণ পুনরুজ্জীবনের প্রদর্শনী স্থান, বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত উদ্ভাবন শিল্প পার্ক, জাতীয় ভূতাত্ত্বিক উদ্যান, ঐতিহাসিক ও সাংস্কৃতিক স্থান, লোক সংস্কৃতি পার্কসহ বিভিন্ন স্থান পরিদর্শন করে।

বাংলাদেশ, রাশিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, কম্বোডিয়া, নেপাল, শ্রীলঙ্কা, পাকিস্তানসহ ১২টি দেশের ৩০ তরুণ প্রতিনিধি ওই ক্যাম্পে অংশগ্রহণ করে।