বিশ্ব হার্ট দিবস ২০২৬ উপলক্ষে কক্সবাজার মেডিক্যাল কলেজের কার্ডিওলজি বিভাগের উদ্যোগে ‘ডিসলিপিডেমিয়া ব্যবস্থাপনা’ বিষয়ক এক বৈজ্ঞানিক সেমিনারে প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক ও ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ডা: আ ন ম মনোয়ারুল কাদির বিটু বলেন, ২০২৬–২৭ অর্থবছরের বাজেটে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ খাতে জিডিপির ১.০১ শতাংশ বরাদ্দ করায় স্বাস্থ্য খাতে প্রভূত উন্নতি হবে।
তিনি বলেন, স্বাস্থ্য খাতে এ ধরনের বিনিয়োগ একটি জনকল্যাণমুখী ও মানবিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ডা: বিটু হার্টের স্ট্যান্ট, চোখের লেন্স ও ডায়ালাইসিস সংশ্লিষ্ট চিকিৎসা উপকরণের ওপর কর ও শুল্ক হ্রাসের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এসব পদক্ষেপের ফলে চিকিৎসা ব্যয় কমার পাশাপাশি সাধারণ মানুষের জন্য প্রয়োজনীয় জীবনরক্ষাকারী চিকিৎসাসেবা আরো সহজলভ্য হবে।
তিনি বলেন, শুধু চিকিৎসা নয়, রোগ প্রতিরোধ ও জনসচেতনতার ওপরও সমান গুরুত্ব দিয়েছে সরকার।
হৃদরোগ চিকিৎসক হিসেবে ডা: বিটু বলেন, হৃদরোগ, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপসহ অসংক্রামক রোগ প্রতিরোধে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, নিয়মিত শারীরিক পরিশ্রম, ধূমপান ও তামাক বর্জন এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করতে হবে।
কক্সবাজার মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা: মো: মুজিবুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা: নাজমুল হোসেন সুমন। তিনি মেডিক্যাল শিক্ষা খাতের আধুনিকায়ন ও যুগোপযোগীকরণে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরার পাশাপাশি ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে চিকিৎসক ও মেডিক্যাল শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করেন।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের পরিচালক (প্রশাসন) ডা: মো: মিসবাহ উদ্দিন আহমেদ, পরিচালক (মানবসম্পদ ব্যবস্থাপনা) ডা: মো: মাসুদুর রহমান, কক্সবাজার জেলার সিভিল সার্জন ডা: মো: ছাবের হোসেন, কুমিল্লা জেলার সিভিল সার্জন ডা: মো: জহিরুল ইসলাম জহির এবং বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা: মো: জিয়াউর রহমান।
ডা: মুশফিকা ফেরদৌসীর সঞ্চালনায় বৈজ্ঞানিক সেমিনারের মূল প্রতিপাদ্য উপস্থাপন করেন কক্সবাজার মেডিক্যাল কলেজের কার্ডিওলজি বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক ডা: লুৎফুন নাহার।
কক্সবাজার মেডিক্যাল কলেজের শিক্ষক, মেডিক্যাল শিক্ষার্থী এবং দেশের বিভিন্ন হাসপাতালে কর্মরত শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজের সাবেক শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সেমিনারটি প্রাণবন্ত ও শিক্ষণীয় হয়ে ওঠে।





