অবৈধ সম্পদ অর্জনের পৃথক দুই মামলায় গেন্ডারিয়া থানা আওয়ামী লীগের সাবেক নেতা এনামুল হক এনু ও তার ভাই রূপন ভূঁইয়ার জামিনের আবেদন নাকচ করেছেন আদালত।

বৃহস্পতিবার ঢাকা মহানগর সিনিয়র বিশেষ জজ কে এম ইমরুল কায়েশের আদালতে তদন্ত অগ্রগতির প্রতিবেদনের জন্য দিন ধার্য ছিল। এমতাবস্থায় তাদের আইনজীবীরা জামিন চেয়ে আবেদন করেন। আদালত জামিনের আবেদন নাকচ করে মামলার পরবর্তী তারিখ ২৬ এপ্রিল ধার্য করেন।

উল্লেখ্য, ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবের শেয়ারহোল্ডার এনু ছিলেন গেন্ডারিয়া থানা আওয়ামী লীগের সহ-সভাপতি। তার ভাই রূপন ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক। এনু ও রূপনের ৩৫ কোটি টাকার অবৈধ সম্পদের খোঁজ পাওয়ার পর তাদের বিরুদ্ধে ২০১৯ সালের ২৩ অক্টোবর পৃথক দুটি মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

এনুর বিরুদ্ধে ২১ কোটি ৮৯ লাখ ৪৩ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেন দুদকের সহকারী পরিচালক মামুনুর রশীদ চৌধুরী। অন্যদিকে, ১৪ কোটি ১২ লাখ ৯৫ হাজার ৮৮২ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে রূপন ভূঁইয়ার বিরুদ্ধে দুদকের অপর সহকারী পরিচালক মোহাম্মদ নেয়ামুল আহসান গাজী মামলা করেন।