অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দায়ের করা মামলায় কারা অধিদফতরের সাময়িক বরখাস্তকৃত ডিআইজি বজলুর রশীদের জামিন বহাল রেখেছেন আদালত।

মঙ্গলবার ঢাকার বিশেষ জজ-৫ এর বিচারক ইকবালের আদালতে আসামির জামিন বাতিলের জন্য দুদকের পক্ষ থেকে আবেদন করা হয়। আদালত উভয় পক্ষের বক্তব্য শুনে দুদকের আবেদন নাকচ করে জামিন বহালের আদেশ দেন।

গত ২৯ অক্টোবর আসামিকে আদালত জামিন দিয়েছিলেন। মামলার বাদি দুদকের উপ-পরিচালক মো: সালাউদ্দিন এদিন আদালতে সাক্ষ্য দেন। এ সাক্ষীকে আসামিপক্ষের আইনজীবীরা জেরা করেন। জেরা শেষ না হওয়া আগামী ৭ জানুয়ারি জেরা ও পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য করেন।

২৬ আগস্ট মামলার তদন্তকারী কর্মকর্তা দুদকের উপ-পরিচালক মো: নাসির উদ্দীন ঢাকার বিশেষ জজ আদালতে বজলুর রশীদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। ১ সেপ্টেম্বর ঢাকার সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েশ এ চার্জশিট গ্রহণ করেন। অতঃপর গত ২২ অক্টোবর ঢাকার বিশেষ জজ-৫ এর বিচারক ইকবাল হোসেন তার বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।

উল্লেখ্য, বজলুর রশীদ রূপায়ন হাউজিং স্টেট থেকে ঢাকার সিদ্ধেশ্বরী রোডের ৫৫/১ (পুরাতন) ৫৬/৫৭ (নতুন) নির্মাণাধীন স্বপ্ননিলয় প্রকল্পের ২৯৮১ বর্গফুট আয়তনের অ্যাপার্টমেন্ট কেনেন। ইতোমধ্যে তিনি অ্যাপার্টমেন্টের মূল্যবাবদ ৩ কোটি ৮ লাখ টাকা পরিশোধ করেন। এ অ্যাপার্টমেন্ট ক্রয়বাবদ বজলুর রশীদ যে টাকা পরিশোধ করেছেন, এর সপক্ষে কোনো বৈধ উৎস দেখাতে পারেননি। এমনকি তিনি অ্যাপার্টমেন্টের ক্রয়-সংক্রান্ত কোনো তথ্য তার আয়কর নথিতে দেখাননি। পরিশোধিত ৩ কোটি ৮ লাখ টাকা জ্ঞাতআয় উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ। সব মিলিয়ে তার বিরুদ্ধে ৩ কোটি ১৪ লাখ ৩৫ হাজার ৯০২ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ দুদক আইন ২৭ (১) ধারায় চার্জশিট দাখিল করা হয়।