আগামী ১৯ জানুয়ারি গোল্ডেন মনিরের বিরুদ্ধে মাদক মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেছে আদালত। সোমবার এ মামলার তদন্ত সংক্রান্ত কোন প্রতিবেদন তদন্তকারী কর্মকর্তা আদালতে দাখিল না করায় ঢাকার মহানগর হাকিম বাকী বিল্লাহ মামলার নথি পর্যালোচনা করে উপরোক্ত মর্মে তারিখ ধার্য্য করেন।
চলতি বছরের ২০ নভেম্বর গভীর রাতে রাজধানীর বাড্ডায় মনিরের বাড়ি ঘিরে রাখে র্যাব। পরদিন ২১ নভেম্বর দুপুর পর্যন্ত টানা আট ঘণ্টা অভিযান চালিয়ে ওই বাসা থেকে ৬০০ ভরি সোনার গহনা, বিদেশি পিস্তল-গুলি, মদ, ১০টি দেশের বিপুল পরিমাণ মুদ্রা ও নগদ ১ কোটি ৯ লাখ টাকা জব্দ করা হয়।
র্যাব জানায়, ঢাকা ও আশপাশের এলাকায় দুই শতাধিক প্লট ও ফ্ল্যাটের মালিক গোল্ডেন মনির। রাজউকের কয়েকজন কর্মকর্তার যোগসাজশে জালিয়াতির মাধ্যমে অসংখ্য প্লট হাতিয়ে নেন তিনি।
যদিও প্রাথমিকভাবে ৩০টি প্লট ও ফ্ল্যাটের কথা স্বীকার করেন মনির। জব্দ করা হয় তিন কোটি টাকা মূল্যের দুটি বিলাসবহুল গাড়ি। পরে তার বিরুদ্ধে বাড্ডা থানায় তিনটি মামলা দায়ের করে র্যাব। অস্ত্র, বিশেষ ক্ষমতা এবং মাদক আইনের পৃথক তিন মামলায় ২৭ দিনের রিমান্ড শেষে গত ১০ ডিসেম্বর কারাগারে প্রেরণের নির্দেশ দেন আদালত।





