হত্যা প্রচেষ্টার অভিযোগে চিত্রনায়িকা মির্জা ফারজানা ইয়াসমিন তমাসহ (তমা মির্জা) চারজনের বিরুদ্ধে স্বামী হিশাম চিশতীর দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন ১৪ এপ্রিল ধার্য করেছেন আদালত।
বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম মাসুদুর রহমানের আদালতে তদন্তকারী কর্মকর্তা কোনো প্রতিবেদন দাখিল করেনি। সেজন্য আদালত মামলার নথি পর্যালোচনা করে ১৪ এপ্রিল পরবর্তী দিন ধার্য করেন।
তমা মির্জা ছাড়াও মামলার অন্যান্য আসামিরা হলেন তমা মির্জার মা ফাতেমা বেগম, বাবা মির্জা আবু জাফর ও ভাই ওয়াসিম।
উল্লেখ্য, গত ছয় ডিসেম্বর মির্জা ফারজানা ইয়াসমিন তমাসহ চারজনের বিরুদ্ধে হিশাম চিশতী মামলা করেন। গত পাঁচ ডিসেম্বর রাত ৩টায় ঢাকার বাড্ডা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ডিজিটাল নিরাপত্তা আইন এবং যৌতুকের জন্য মারপিটসহ হুমকি প্রদানের অভিযোগে স্বামী হিশাম চিশতীর বিরুদ্ধে নায়িকা তমা মির্জাও মামলা করেন।
প্রায় দেড় বছর আগে মির্জা ফারজানা ইয়াসমিন তমা (তমা মির্জা) ও হিশাম চিশতির বিয়ে হয়। এরপর বিভিন্ন সময় বাবা-মায়ের প্ররোচণায় হিশামের কাছ থেকে ২০ লাখ টাকা ধার নেন তমা। টাকা ফেরত চাইলে তমা কালক্ষেপণ শুরু করেন। গত বছরের ২৯ সেপ্টেম্বর হিশাম কানাডা থেকে দেশে এসে তমাকে তার নিজের বাসায় এসে থাকতে বলেন। কিন্তু তিনি নানা অজুহাতে তার বাসায় না গিয়ে বাবার বাসায় থাকেন। হিশাম গেলে তার সাথে তমাসহ বাড়ির সবাই খারাপ আচরণ শুরু করেন। গত ৫ ডিসেম্বর রাত ৩টার দিকে তমা মির্জার বাবার বাড্ডার বাসায় যেতে বলা হয় হিশামকে। সেখানে নানা বিষয়ে আলোচনার পর ধার নেয়া ২০ লাখ টাকা চাইলে বাসার সদস্যদের সাথে কথাকাটাকাটি হয়। বাড়ির সদস্যরা ক্ষিপ্ত হয়ে হিশামের ওপর আক্রমণ করেন। ওড়না দিয়ে পেঁচিয়ে তাকে খুন করার চেষ্টা করা হয়। লোহার চেয়ার দিয়ে আঘাত করলে ডান হাতে গুরুতর আঘাত পেয়ে মেঝেতে পড়ে যান হিশাম। তিনি চিৎকার শুরু করলে বাসার নিচের দারোয়ান ও আশপাশের লোকজন তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যায়।
তমা মির্জার মামলার এজাহার থেকে জানা যায়, বিয়ের পর থেকে তার স্বামী হিশাম চিশতী বিভিন্ন সময় যৌতুকের জন্য মারধর করতেন। অকারণে গায়ে হাত তুলতেন। এমনকি ফেসবুকে পরিচয় গোপন করে মানহানিকর কথাবার্তা বলতেন। হিশাম তমা মির্জার মা-বাবাকে ভয়ভীতি দেখান এবং হত্যার হুমকি দেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তাদের ব্যক্তিগত মুহূর্তের ছবি প্রকাশের ভয়ভীতি দেখান। ২০১৯ সালের ৭ মে বাংলাদেশি কানাডার নাগরিক হিশাম চিশতীকে বিয়ে করেন তমা মির্জা। বর্তমানে তমা মির্জা দেশে থাকলেও তার স্বামী হিশাম চিশতি কানাডায় রয়েছেন।





