করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধ লঙ্ঘন করায় রোববার রাজধানীতে ৩০৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ সময়ে ১০৩ জনকে এক লাখ ১৬ হাজার ১০০ টাকা জরিমানা করা হয়েছে।

রোববার সন্ধ্যায় ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো: ইফতেখায়রুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, বিধিনিষেধ অমান্য করায় রাজধানীতে ৩০৩ জনকে গ্রেফতার, ১০৩ জনকে মোবাইল কোর্টের মাধ্যমে এক লাখ ১৬ হাজার ১০০ টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া ট্রাফিক বিভাগ ১৮৩টি গাড়িকে চার লাখ ৪৫ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে।

এর আগে শনিবার বিধিনিষেধ অমান্য করায় রাজধানীতে ৪৮১ জনকে গ্রেফতার, ২০২ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই লাখ ছয় হাজার ৭১০ টাকা জরিমানা এবং ৪৪০টি গাড়িকে ডিএমপির ট্রাফিক বিভাগ ১০ লাখ ৪৫ হাজার টাকা জরিমানা করে।

সূত্র : বাসস