আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদস্য বিচারপতি আমির হোসেনের মৃত্যুতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচার কাজ আজকের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার সকালে এ ঘোষণা দেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।
তিনি বলেন, ‘আমরা সকলে বসে সিদ্ধান্ত নিয়েছি, আজকের জন্য আমাদের বিচার কার্যক্রম বন্ধ থাকবে। মরহুমের প্রতি শ্রদ্ধা জানিয়েছি, নিয়মানুযায়ী আজকে আর কোর্ট হবে না।’
দুপুর ১টা ৪৫ মিনিটে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আমির হোসেনের জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এর আগে সকাল ৭টা ৫৫ মিনিটে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) বিচারপতির মৃত্যু হয় বলে জানিয়েছেন সুপ্রিম কোর্টের বিশেষ কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান।
মৃত্যুকালে আমির হোসেন স্ত্রীসহ তিন সন্তান রেখে গেছেন। দ্বিতীয় জানাজা শেষে কিশোরগঞ্জের নিকলীর গ্রামের বাড়িতে তাকে দাফন করা হবে। তার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
ট্রাইব্যুনাল সূত্রে জানা যায়, বিচারপতি আমির হোসেন মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের সদস্য বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
বিচারপতি আমির হোসেন ১৯৫৭ সালের ৩০ নভেম্বর জন্মগ্রহণ করেন। তার বাবার নাম আব্দুস সামাদ এবং মায়ের নাম সায়েদুন্নেছা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি এবং এলএলএম পাস করেন।
এরপর তিনি ১৯৮৪ সালের ২২ ফেব্রুয়ারি মুনসেফ হিসেবে বিচারিক জীবন শুরু করেন। ২০০৯ সালের ৬ মে জেলা জজ হিসেবে পদোন্নতি লাভ করেন।
২০১৫ সালের ১২ ফেব্রুয়ারি হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পান আমির হোসেন। এর দুই বছর পর তিনি স্থায়ী হন। ২০১৭ সালের ১১ অক্টোবর তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদস্য হিসেবে নিয়োগ দেয় সরকার। এরপর থেকে তিনি ট্রাইব্যুনালের সদস্য হিসেবে বিচারকাজ পরিচালনা করে আসছিলেন।









