ক্রিকেটার নাসির হোসেন ও বিমানবালা তামিমা সুলতানা তাম্মীর বিয়ে বৈধভাবে হয়নি উল্লেখ করে আদালতে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
পিবিআই’র তদন্তে উঠে এসেছে তামিমার সাবেক স্বামী ব্যবসায়ী রাকিব হাসান পুরো ঘটনায় ‘জালিয়াতি’র শিকার হয়েছেন। এছাড়া এ ঘটনায় রাকিব হাসানের ‘মানহানি’ ঘটেছে মর্মে যে দাবি করেছেন তা সঠিক বলে জানিয়েছেন পিবিআই প্রধান বনজ কুমার মজুমদার।
পিবিআই প্রধান জানান, একটি তালাক হতে হলে যে ৩টি শর্ত পূরণ করতে হয়, যেমন সংশ্লিষ্ট কাজীকে উপস্থাপন করা, যাকে তালাক দেয়া হচ্ছে তার বাড়িতে একটি নোটিশ পাঠানো এবং যাকে তালাক দেয়া হচ্ছে তার স্থায়ী ঠিকানায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বরাবর একটি নোটিশ পাঠাতে হবে।
তিনি বলেন, কিন্তু তামিমা এর কোনোটিই যথাযথভাবে করেননি। তামিমা যে দাবি করেছেন, নোটিশ একটি নির্দিষ্ট তারিখে পাঠানো হয়েছে, সে তারিখে ওই বাড়িতে রাকিব হাসান থাকতেন না। মানে ঠিকানা ভুল ছিল। কিন্তু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পিবিআইকে বক্তব্য দিয়েছেন যে এমন কোনো চিঠি তার রেজিস্টারে নেই।
পিবিআই প্রধান বনজ কুমার মজুমদার বলেন, পুরো বিষয়টিতেই অনিয়ম হয়েছে। পুরো ব্যাপারটি একটি জালিয়াতি এবং বিবাহবিচ্ছেদ সংক্রান্ত যাবতীয় দলিল জালিয়াতির মাধ্যমে তৈরি করা হয়েছে। এমন পরিস্থিতিতে নাসির হোসেন ও তামিমার বিয়েও অবৈধ হিসেবে উল্লেখ করেছেন তিনি।
সূত্র : বিবিসি








