বইমেলায় মাস্ক না পরায় এক নারীকে মোবাইল কোর্টের দণ্ড দেয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সাত দিনের মধ্যে সরাতে সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামান সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ মঙ্গলবার (১ মার্চ) এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন রিটকারী আইনজীবী বদরুদ্দোজা বাবু।

আদালত বলেছেন, যদি ওই নারী মনে করে মোবাইল কোর্টের দণ্ডটি আইন অনুযায়ী হয়নি, তাহলে তিনি উপযুক্ত আদালতে প্রতিকার চাইতে পারেন।

মাস্ক না পরে বইমেলায় ঘোরাঘুরি করায় গত ২০ ফেব্রুয়ারি ওই নারীকে ২০০ টাকা অর্থদণ্ড দেন ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনীষা রানী কর্মকারের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্ট। এ সময়ের ভিডিওটি পরে ফেসবুকে ছড়িয়ে পড়ে।

পরে বিষয়টি নিয়ে হাইকোর্ট বিভাগে রিট করেন আইনজীবী বদরুদ্দোজা বাবু।

সূত্র : বাসস