বিএনপির গত ২৫ ফেব্রুয়ারি জেলা পর্যায়ে পদযাত্রা কর্মসূচি পালন করার পর নাশকতার অভিযোগে করা মামলায় কুমিল্লা, নেত্রকোনা এবং ঝালকাঠী জেলা বিএনপি ও এলডিপির ১৩৮ নেতাকর্মীকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (২ মার্চ) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো: আমিনুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ পুশিলের করা নাশকতার মামলায় এসব নেতাকর্মীদের আগাম জামিন দেন বলে জানিয়েছেন আইনজীবীরা।

আদালতে বিএনপি নেতাকর্মীদের জামিন আবেদনের পক্ষে শুনানি করেন বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।

ব্যারিস্টার কায়সার কামাল জানান, গত ২৫ ফেব্রুয়ারি জেলা পর্যায়ে বিএনপির পদযাত্রা কর্মসূচি পালন করার পর নাশকতার অভিযোগে করা মামলায় কুমিল্লা, নেত্রকোনা এবং ঝালকাঠী জেলার বিএনপি ও এলডিপির ১৩৮ নেতাকর্মী হাইকোর্টে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত তাদের ছয় সপ্তাহের আগাম জামিন দিয়েছেন।