চট্টগ্রামের কাজির দেউড়ি এলাকায় ছাত্রলীগের সাথে সংঘর্ষের ঘটনায় ভাংচুরের অভিযোগে কোতোয়ালী ও চকবাজার থানায় দায়ের করা মামলায় মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেনসহ ৭৯ জন বিএনপি, যুব, কৃষক ও ছাত্রদলের নেতাকর্মীকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

সোমবার (১৯ জুন) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো: আমিনুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তাদের ছয় সপ্তাহের আগাম জামিন দেন। এ সময়ের মধ্যে তাদের নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছে।

আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ মুজিবুর রহমান। সাথে ছিলেন আইনজীবী এ কে এম খলিলুল্লাহ কাশেম ও মারুফুল হক।

আইনজীবীরা জানান, গত ১৪ জুন তরুণ ভোটারদের অধিকার প্রতিষ্ঠা ও অন্যান্য দাবিতে চট্টগ্রামে যুবদলের ডাকা দেশ বাঁচাতে তারুণ্যের সমাবেশ কেন্দ্র করে চট্টগ্রামের কাজীর দেউড়ি ছাত্রলীগের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় ভাংচুরের অভিযোগে কোতোয়ালী ও চকবাজার থানায় ১২৩ জন বিএনপি ও যুবদল নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এদের মধ্যে ৭৯ জন বিএনপি নেতাকর্মী হাইকোর্টে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত তাদের ছয় সপ্তাহের আগাম জামিন দেন।