প্রধান বিচারপতির বাসায় হামলার অভিযোগে রমনা থানায় দায়ের করা মামলাসহ চার মামলায় আগাম জামিন পেয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু।
বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) বিচারপতি মো: নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বরকত উল্লাহ বুলুর হাজির হয়ে চারটি পৃথক চার মামলায় জামিন আবেদন করলে আদালত তাকে আগামী ছয় সপ্তাহের জন্য জামিন দেন।
এদিন আদালতে বুলুর পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক সিনিয়র আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। তাকে সহযোগিতা করেন অ্যাডভোকেট তারেক ভুঁইয়া ও মো: মনির উদ্দিন। এসময় আদালতে উপস্থিত ছিলেন নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি কামাক্ষ চন্দ্র দাশ, প্রচার সম্পাদক নুরুল আমিন মিলন।
এ বিষয়ে বরকত উল্লাহ বুলু বলেন, ‘আগামী ছয় সপ্তাহের আগাম জামিন নিলাম। এ মামলাগুলো মিথ্যা। গত দুই মাস চেষ্টা করার পর আজকে জামিন পেলাম। বাংলাদেশে এই মিথ্যা মামলা চলতেছে। গত বছরের ২৮ অক্টোবরের ঘটনায় আমাদের এক লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। সমাবেশের পর প্রায় ২৫ থেকে ২৬ হাজার নেতাকর্মীকে গ্রেফতার করা হয়। সিনিয়র সব নেতারাই কারাগারে। গ্রেফতারের আশংকায় আমরা দলীয় কর্মসূচি পালন করছি কম। আল্লাহর কাছে শুকরিয়া মিথ্যা মামলায় জামিন পেলাম।’
তিনি আরো বলেন, ‘গত ৭ জানুয়ারির নির্বাচন একটি ভুয়া নির্বাচন। দেশের মানুষের বিরুদ্ধে স্বাধীনতা-সার্বভৌমত্বের বিরুদ্ধে নির্বাচন করা হয়েছে।’
উল্লেখ্য, গত বছরের ২৮ অক্টোবর প্রধান বিচারপতির বাসভবনে হামলা, সরকারি কাজে বাধা, ককটেল বিস্ফোরণ ও ভাঙচুরের অভিযোগে ২৯ অক্টোবর রমনা মডেল থানায় পৃথক দুটি মামলা করে পুলিশ। এসব মামলা ইতোমধ্যে বিএনপির মহাসচিবসহ বেশ কয়েকজন নেতা জামিনে মুক্তি পেয়েছেন।





