রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনা তদন্তে বিচার বিভাগীয় কমিশন গঠনের নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট পিটিশন করা হয়েছে।

বুধবার (২৩ জুলাই) সুপ্রিম কোর্টের আইনজীবী মো: ইউনূছ আলী আকন্দ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট করেছেন।

রিটে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে হতাহতদের প্রত্যেকের পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে আপাতত ১০ লাখ টাকা করে দেয়ার নির্দেশনা চাওয়া হয়েছে।

সেইসাথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিকটবর্তী এলাকায় চার তলার বেশি বহুতল ভবনের অনুমোদন যাতে না দেয়া হয় সে নির্দেশনা চাওয়া হয়েছে।

এছাড়া রিটে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান দুর্ঘটনায় হতাহতদের পরিবারকে পর্যাপ্ত ক্ষতিপূরণ দিতে কেন নির্দেশ দেয়া হবে না এবং এই দুর্ঘটনা তদন্তে উচ্চ ক্ষমতাসম্পন্ন বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠনের নির্দেশ কেন দেয়া হবে না, সে প্রশ্নে রুল চাওয়া হয়েছে।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব, প্রতিরক্ষা সচিব, মন্ত্রিপরিষদ সচিব, আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের পরিচালক, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) চেয়ারম্যানকে রিটে বিবাদী (রেসপনডেন্ট) করা হয়েছে। বাসস