জামালপুরের মেলান্দহে আইনশৃঙ্খলা সভা শেষে বাড়ি ফেরার পথে উপজেলা পরিষদ চত্বর থেকে চার ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতাকে আটক করেছে মেলান্দহ থানা পুলিশ।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) মেলান্দহ উপজেলার পরিষদের সভা কক্ষে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, সভায় উপস্থিত হন চরবানী পাকুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য শাহাদাৎ হোসেন ভুট্টো, ফুলকোচা ইউনিয়নের চেয়ারম্যান ও ওই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন, ঘোষেরপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য সাইদুল ইসলাম লিটু এবং শ্যামপুর ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য সায়েদুজ্জামান সাঈদ।
তার সবাই নৌকা প্রতীকে চেয়ারম্যান হয়েছিলেন।
সূত্র জানায়, সভা শেষে বের হয়ে চলে যাওয়ার সময় উপজেলা পরিষদ চত্বর থেকে জুলাই-আগস্টের আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলা-মারপিট ও নাশতার অভিযোগে তাদের আটক করে মেলান্দহ থানা পুলিশ। পরে তাদের জামালপুর ডিবি (১) পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
জামালপুরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম (সেবা) নয়া দিগন্তকে বলেন, আটক সবাই আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান। চলমান অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে তাদের আটক করা হয়েছে। এছাড়া তাদের বিরুদ্ধে জুলাই-আগস্ট আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলা-মারপিট ও নাশতার অভিযোগ রয়েছে।





